বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে জমজমাট অবস্থা বিরাজ করছে এফডিসিতে। আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে দ্বিবার্ষিক (২০১৯-২০২১) এই নির্বাচন।
এবারের নির্বাচনে প্রার্থী হিসেবে সবচেয়ে বড় চমক চিত্রনায়িকা মৌসুমি। তিনি সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শিল্পী সমিতির ইতিহাসে তিনিই প্রথম নারী, যিনি সভাপতি পদে প্রার্থী হচ্ছেন। মৌসুমি লড়বেন বিগত কমিটির সভাপতি মিশা সওদাগরের সঙ্গে। অন্যদিকে বিগত কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডিএ তায়েব।
গত ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণার পর গত মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করেছে দুটি প্যানেলের প্রার্থীরা। ওই দিন দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল। আর বিকেলে মনোনয়নপত্র সংগ্রহ করে মৌসুমি-ডিএ তায়েব প্যানেল।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। পরদিন শুক্রবার বিকেল ৫টায় প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। ওই দিনই জানা যাবে চূড়ান্ত প্রার্থী তালিকা। নির্বাচনে মোট ৪৪৯ জন ভোট দিতে পারবেন।
গত ২৪ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই বছরের মেয়াদ শেষ হয়। শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা। সে হিসাবে ২৪ আগস্টের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও তা হয়নি। গঠনতন্ত্রের বাইরে গিয়ে প্রায় দুই মাস পর এই নির্বাচন হতে যাচ্ছে।
