খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক।
তিনি বলেন, খালেদা জিয়া ভালো আছেন, তার অবস্থার কোনো অবনতি হয়নি। বিএনপির সংসদ সদস্যদের অভিযোগের মধ্যেই বুধবার বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক সাংবাদিকদের এ কথা বলেন।
উল্লেখ্য, মঙ্গল ও বুধবার বিএনপির সংসদ সদস্যরা খালেদা জিয়াকে দেখে এসে অভিযোগ করেন, তার শরীরের অবস্থা খুব খারাপ। দুর্নীতির মামলায় কারাবন্দী খালেদা জিয়া গত ১ এপ্রিল থেকে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপির সংসদ সদস্যরা হাসপাতালে খালেদা জিয়াকে দেখে এসে সাংবাদিকদের জানান, তিনি (খালেদা জিয়া) নিজ হাতে খেতে পারেন না এবং নিজে পোশাকও পরতে পারছেন না। এ অবস্থায় বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য উন্নত চিকিৎসা জরুরি।
খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি স্বাভাবিক দাবি করে ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক বলেন, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। আমাদের পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড রয়েছে, তারা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। তার যখন যা প্রয়োজন হচ্ছে সেটাই করা হচ্ছে। তার কোনো ‘সমস্যা হচ্ছে’ বলে মনে হচ্ছে না। তার ডায়াবেটিস, আর্থাইটিসের ব্যথাতো প্রধান, আর কিছু নেই। তার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। দাঁতের সমস্যা ছিল, সেটাও দূর হয়েছে।
মাহবুবুল হক এ প্রসঙ্গে আরও বলেন, খাওয়া-দাওয়া করছেন, ভালো আছেন তিনি। এখন বিএনপি কী বলছে, কে কি বলছে- আমাদের সঙ্গে তো কেউ কথা বলেননি।
তিনি অভিযোগ করেন, আমাদের সঙ্গে কথা বলেন না, মেডিকেল বোর্ডের কোনো সদস্যের সঙ্গেও কথা বলেন না। এখন তারা নিজেরা নিজেরা কি বলছেন, কীভাবে দেখছেন, এটা আসলে তাদের ব্যাপার।
মাহবুবুল হক বলেন, আমাদের যে চিকিৎসা চলছে, আপাতদৃষ্টিতে আমি আগেও যেটা বলেছিলাম দুই মাস আগে- তার চেয়ে তো তিনি খারাপ নেই, ভালো আছেন। তার অবস্থার কোনো ডিটোরিয়েট করে নাই, অবস্থার কোনো অবনতি হয় নাই।
