নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে এক কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয়েছে। অভিযান শেষে সেখান থেকে ৮ জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে এ অভিযান পরিচালিত হয়।
আটকরা ইংল্যান্ড, চাইনিজ, আমেরিকান প্রোডাক্ট এখানে তৈরি করতেন বলে জানিয়েছে পুলিশ।
অভিযান শেষে জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ দেশ রূপান্তরকে জানান, অনেকদিন ধরে ঢাকায় বাস করা বেলায়েত হোসেন নামে এক ব্যক্তি ম্যাক্স ইলেকট্রনিক লিমিটেড ও মনস্টার প্রাইভেট লিমিটেড নামে প্রতিষ্ঠান দুটিতে নকল প্রসাধনী তৈরি করে বাজারজাত করে আসছিলেন।
অভিযানে আমরা এখানে বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী ময়লা পানি দিয়ে সেন্ট (সুগন্ধি) ও রং ব্যবহার করে তৈরি করে বাজারজাত করছে দেখতে পেয়েছি। বিভিন্ন পারফিউমগুলো তারা নামিদামি ব্র্যান্ডের নামে বিক্রি করে আসছিলেন। নকল তৈরি করলেও তারা প্রতিটি পণ্যেই বিদেশি ট্যাগ লাগিয়ে সেটি বিক্রি করে আসছিলেন।
তিনি জানান, আরেকটি গোডাউনে অভিযান চালিয়ে দেখেন সেখানে ৬৫ ইঞ্চি ও ৭০ ইঞ্চি টিভিও বানাচ্ছেন তারা। বিশ্বের বড় বড় দামি ব্র্যান্ড সনি, স্যামসাং, এলজি, প্যানাসনিকসহ বিভিন্ন ব্র্যান্ডের নাম ব্যবহার করে তারা মাইক্রোওয়েভ ওভেন, টিভিসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য তৈরি করছে।
পুলিশ সুপার বলেন, এখানে পারফিউম ছিল ৫ থেকে ৭ কোটি টাকার, এগুলো তৈরি করে তারা বিভিন্ন গোডাউনে মজুদ করছিলেন। অভিযানে হাজার হাজার তৈরি টিভি তাদের গোডাউনে পেয়েছি, তারা এর মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করছে।
এসপি জানান, দেখলে অবাক হবার মতো এখানে অনেক বিশাল জায়গাজুড়ে প্রতিষ্ঠান ও গোডাউন তৈরি করে এসব করে আসছিলেন তারা। এর মাধ্যমে সরকারের বিশাল অংকের ট্যাক্স ফাঁকি দিয়ে আসছিলেন তারা। ৫০ থেকে ৬০ কোটি টাকার টিভি তারা বানিয়েছেন যদি অভিযান না হতো তাহলে এসব তারা বাজারজাত করতেন, আর এসব কিনে মানুষ প্রতারিত হতো।
বেলায়েতসহ যারাই এ কাজের সঙ্গে যুক্ত তাদেরকে দ্রুত আইন ও বিচারের আওতায় আনা হবে বলে জানান, পুলিশের এ কর্মকর্তা।
