পাঠকের ইচ্ছা আরও সমরেশ মজুমদার হোক  

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১০:০৮ পিএম

কালবেলা, কালপুরুষ, গর্ভধারিণী কয়েক প্রজন্মের বাঙালি পাঠককে মোহিত, তাড়িত  ও অনুপ্রাণিত করেছে। বিখ্যাত এই ট্রিলজির বাইরেও অনেক পাঠকপ্রিয় উপন্যাস ও গল্প লিখেছেন সমরেশ মজুমদার। তার জন্ম ১৯৪৪ সালের ১০ মার্চ। ছেলেবেলা কেটেছে জলপাইগুড়ির ডুয়ার্সে। পড়েছেন স্কটিশ চার্চ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। পাঠকপ্রিয় এই ঔপন্যাসিক সম্প্রতি ঢাকা এসেছিলেন। ঢাকা ক্লাবে তার সাক্ষাৎকার নিয়েছেন  মাহবুব মোর্শেদ

দেশ রূপান্তর : আপনি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে দারুণ জনপ্রিয়। সমকালীন তিন প্রজন্মের চিন্তা, স্বপ্নকে প্রভাবিত করেছেন। এটা কীভাবে সম্ভব হলো?

সমরেশ মজুমদার : আপনার বাসার কোনো মেয়ে যদি ভালোবেসে প্রেগনেন্ট হয়, বিয়ে থা না করে এবং একটা বাচ্চার মা হয় আপনি তাকে একসেপ্ট করবেন? আপনার বোনের ক্ষেত্রে ঘটলে আপনি একসেপ্ট করবেন? যারা বলবেন একসেপ্ট করবেন, তারা জেদের বশে বলবেন। কিন্তু জীবনের সত্য এটা না। আপনি এমন মহিলার সঙ্গে সম্পর্ক রাখবেন না এবং তাকে আপনি আদর করে বাসায় ডাকবেন না। আপনি যদি বলেন, হ্যাঁ ডাকব তবে আপনি মেকি কথা বলছেন। এই কথাটা আপনি আপনার স্ত্রীর সামনে, আপনার বাবার সামনে বা আপনার মায়ের সামনে বলতে পারবেন না। আপনি নিজেকে প্রগতিবাদী হিসেবে প্রমাণ করার জন্য পাবলিকলি বলতে পারেন কিন্তু ব্যক্তিগত জীবনে বলবেন না। আর একটা সমীক্ষা বলছে, দুজন করে পাঠক একটা বই পড়লে কালবেলা উপন্যাসটা দশ লক্ষ পাঠক পড়েছে। একটা সমীক্ষা বলছে, মাধবীলতা একসেপ্টেড বাই অল রিডার্স, প্রত্যেক পাঠকই মাধবীলতার ফ্যান। জীবনে যাকে একসেপ্ট করতে পারব না, বাসায় যাকে নিয়ে যেতে পারব না, তার ফ্যান কেন হচ্ছি? মানুষ তো ফ্যান হয় তারই যার আইডিয়া সে অনুসরণ করে, যার কাজকর্ম সে রেসপেক্ট করে, যাকে ভালোবাসে। মাধবীলতার কাজকর্ম আমি একসেপ্ট করি না অথচ তার জীবন নিয়ে লেখা উপন্যাস আমি পয়সা খরচ করে কিনি। বলি, আহা কালবেলা আমার প্রিয় উপন্যাস। এটা কি মিথ্যাচার নয়?

দেশ রূপান্তর : এমন হতে পারে আমি যা করতে পারি না, আমার পছন্দের চরিত্র তা করছে বলে আমি তার ফ্যান। আমার কল্পনার জগতে সে কাজ করতে পারে।

সমরেশ : আপনি যুদ্ধের ময়দানে গিয়ে দশটা সৈন্যকে মোকাবিলা করে আসতে পারেন না। কিন্তু আরেকজন সেটা পারলে আপনি তাকে অ্যাপ্রিশিয়েট করেন। কিন্তু এখানে একটা ছেলে আর একটা মেয়ে এক সঙ্গে পড়ত। তারা পরস্পরের প্রেমে পড়ল। তাদের শারীরিক সম্পর্ক হলো। ছেলেটা মেয়েটার দায়িত্ব নেয়নি। না নিয়ে সে রাজনীতি করছিল। এত দায়িত্বজ্ঞানহীন ছেলে। সে যে মেয়েটির জীবনে এত বড় একটা সর্বনাশ করল তা নিয়ে তার জীবনে কোনো অনুতাপ এলো না। তারপর তিন বা চার বছর পর সে যখন জেল থেকে বেরিয়ে জানল, সে যে কাজটি করেছে তা থেকে একটা শিশুর জন্ম হয়েছে তখন সে বলল, আমার উচিত তোমাকে বিয়ে করা। মেয়েটি তাকে রিফিউজ করল। বলল, বিয়ে করার কথা বলে তাকে সে অপমান করেছে। মেয়েটির এই অ্যাডামেন্ট অবস্থানের কারণ আমি খুঁজে পাচ্ছি না। কেন এখন বিয়ের কথা বললে সে অপমানিত হবে। আমি লজিক খোঁজার চেষ্টা করছি, কেন এই উপন্যাসটা লোকে গ্রহণ করেছে?

দেশ রূপান্তর : এমন হতে পারে, লোকে পরিবর্তনের একটা ইঙ্গিত এতে পেয়েছে।

সমরেশ : কলকাতা শহরে বাড়িঅলার কাছে ভাড়া চাইতে এলেন দুজন। ভদ্রলোক একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন। বয়স আঠাশ। ভদ্রমহিলা একটা বড় ফার্মে চাকরি করেন। বয়স ছাব্বিশ। বাড়িঅলা নাম জানতে চাইলে দেখলেন দুজনের দুটো আলাদা টাইটেল। আলাদা টাইটেল কেন? তারা বলে, আমরা তো বিয়ে-থা করিনি। আপনারা স্বামী-স্ত্রী না? না। এবার ভদ্রলোক একটু ঘাবড়ে গেলেন। স্বামী-স্ত্রী না হলে ভাড়া দেব কেন? তারা বলে, আমরা ভালোবাসি। এখনো আমাদের দেশে কেউ যদি বলে আমরা ভালোবাসি তাই একসঙ্গে থাকি, হজম করতে কষ্ট হয় অনেকের। কিন্তু এই পরিবর্তিত অবস্থা শুরু হয়ে গেছে। আজ আমার মা যদি বেঁচে থাকতেন তিনি কি হজম করতে পারতেন যদি তার নাতনি এ কাজটি করত? তিনি একটা স্ট্রাকচারের মধ্য দিয়ে বড় হয়েছেন। সে স্ট্রাকচারে তিনি এতকাল যা শোভন বলে মনে করেছেন তা-ই তিনি আশা করেন। সেদিন একটা অনুষ্ঠানে আমি অনেক লোকের মাঝে এই প্রশ্নটা করেছিলাম, আপনারা মাধবীলতাকে সমর্থন করেন কি করেন না। কেউ কথা বলে না। শেষ পর্যন্ত একটা একুশ বছর বয়সী মেয়ে উঠে দাঁড়াল সে মাধবীলতাকে সমর্থন করে। সে তার মায়ের দৃষ্টান্ত বলেছে আমাকে। সে ঠিক আছে, কিন্তু বেশিরভাগই মুখোশ পরে হাঁটি। সাহিত্য কখনো কখনো ভালোলাগা বা না লাগা সত্তে¡ও জীবন থেকে বেরিয়ে এসে আলাদা একটা জায়গায় পৌঁছে যায়।

দেশ রূপান্তর : কয়েকটা জেনারেশনকে ধারন করার যে ব্যাপার এটা আপনি কীভাবে পারলেন?

সমরেশ : আগেকার দিনে দেখা যেত, বাড়িতে কাজের লোক আছে। রান্নার লোক। বিধবা হয়ে আঠারো-উনিশ বছরে এসেছে। তারপর পঞ্চাশ বছর ধরে রান্না করছে। তখন যারা বাচ্চা ছিল তারা বড় হয়ে চলে যাচ্ছে। তাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে। সে কিন্তু রান্না করে যাচ্ছে। অমুকের মা বলে ডাকে তাকে। অমুকের মার রান্না খেতে খুব মজা, খুব ভালো। ঠাকুরদা বলছে, বাবা বলছে, ছেলেও বলছে। কেন?

দেশ রূপান্তর : আপনাদের তারুণ্যে একটা স্বপ্ন ছিল। কিন্তু উপমহাদেশের রাজনীতি সে স্বপ্নের পথে যাচ্ছে না। আপনি হতাশ হন না?

সমরেশ : এগুলো তো আমার হাতের মধ্যে নেই। আমি কলকাতা শহরে যে বাঙালিকে দেখি তাতে আমি আনন্দ পাই, আবার দুঃখ পাই। আবার ঢাকায় যখন আসি একই অনুভূতি হয়। আমি যখন প্রথম আসি তখন ইউনিভার্সিটিতেই বোরখা পরা মেয়ের সংখ্যা অনেক বেশি ছিল। তখন ইউনিভার্সিটিতে ঢুকেই মেয়েরা বোরখা খুলে ফেলত। রিকশা থেকে নামত। ফেরার পথে রিকশায় ওঠার আগে বোরখা পরে রিকশায় উঠত। হেঁটে রাস্তা দিয়ে আসত না। প্রথম এসে মেয়েদের রাস্তায় হাঁটতে খুব একটা দেখিনি। এখন মেয়েরা অনেক চলাফেরা করছে। কোথাও কোথাও মেয়েরা ফুটপাতে বসে সিগারেট খায়। এটা আমার খারাপ লাগেনি। নিজের সম্মান বজায় রেখে যদি এটা করতে পারে তবে ভালো। আরেকটা জিনিস দেখতে থাকলাম- বোরখা নয়, মুখঢাকা পোশাক বা হিজাব পরার চলটা যেন দিন দিন বাড়ছে। আমি ভাবতাম, আত্মরক্ষা করার জন্য হিজাব একটা বড় ভ‚মিকা নিচ্ছে। মেয়েটি নিজেকে অন্যের কাছে এক্সপোজ করতে চায় না, তাই হিজাব পরে। এই আত্মরক্ষার প্রয়োজনটা হচ্ছে কেন। পুরুষদের হাত থেকে বাঁচবার জন্য আত্মরক্ষা করতে হচ্ছে? নিজেকে আমি জিজ্ঞেস করি। কাউকে জিজ্ঞেস করলে বলে, আর বলবেন না দিনকে দিন হিজাব বেড়েই চলেছে। আপনারা আরও ভালো বলতে পারবেন। ধর্মান্ধতা নাকি সংস্কার কোনটি কারণ। মা হিজাব পরত না মেয়ে পরছে। আবার এও দেখছি, প্যান্ট, কামিজ পরে মাথায় হিজাব পরছে।

দেশ রূপান্তর : এখন পশ্চিমবঙ্গে যে অস্থিরতা চলছে, এনআরসি...

সমরেশ : এই যে কয়েক লক্ষ রোহিঙ্গা সমুদ্র পেরিয়ে বাংলাদেশে এলো। আপনারা না পারছেন তাদের গিলতে, না পারছেন হজম করতে, না পারছেন বের করে দিতে। কেন পারছেন না? দেখুন অন্যকে আক্রমণ করতে খুব আনন্দ হয়। নিজে আক্রান্ত হলে দুঃখ হয়।

আমাদের পশ্চিবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী তার আবেগ মাঝে মাঝে আকাশছোঁয়া হয়ে যায়। বাস্তবের সঙ্গে কোনো মিল থাকে না। যখন আসামে দেখা গেল ১৯ লাখ লোক, এরা ভারতীয় না। এদের রেশনকার্ড নেই। কিচ্ছু নেই। উনিশ লক্ষ লোক কম না। তাদের যখন আশ্রয়হীন করার চেষ্টা হচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী বললেন, আমি নিয়ে নেব। এরা বাঙালি। দেখা গেল, এদের সবাই বাঙালি নয়। সবাই হিন্দু নয়, প্রচুর মুসলমান আছে। তাকে বলা হলো, আপনার বাসায় চারজনকে দেওয়া হলে রাখবেন তো? তিনি বললেন, আমার বাসায় কেন? আমি তাদের জন্য আলাদা ব্যবস্থা করব। মানে আরেকটা কনসেনট্রেশন ক্যাম্পের ব্যবস্থা করব, আরেকটা দণ্ডাকারণ্যের ব্যবস্থা করব। এর কোনো সুরাহা নেই। পৃথিবী জুড়ে হচ্ছে। এই যে লোকগুলো গেল, কেন গেল? আমি তো এখানে কত বছর ধরে আসছি। আমি সে-রকম জাতিগত দাঙ্গা তো দেখিনি এখানে। এখান থেকে যারা যাচ্ছে তারা আতঙ্কে যাচ্ছে? কীসের আতঙ্ক? নাকি আরেকটু বড় কিছু প্রাপ্তির আশায় যাচ্ছে?

দেশ রূপান্তর : বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের পাঠকের মধ্যে কোনো পার্থক্য আপনি দেখেন?

সমরেশ : ১৯৭১ এর আগে এখানে বাংলা বই খুব কম আসত। আমার বলতে লজ্জাও নেই, দ্বিধাও নেই একাত্তরের পর এখানে যত পাঠক হয়েছে সব হুমায়ূনের কল্যাণে তৈরি হয়েছে। হুমায়ূন আহমেদ না জন্মালে বাংলাদেশে এত পাঠক তৈরি হতো না। হুমায়ূনের আগে যারা লিখতেন, অনেক পাওয়ারফুল লেখক ছিলেন তারা। তাদের তুলনায় হুমায়ূন কিছুই না, কিন্তু তাদের বই বিক্রি হতো না। এই ঢাকা ক্লাবে এসে আমার সঙ্গে দেখা করেছেন এমন অনেক বড় লেখক আছেন- খুব বিনয়ী, কিন্তু খুব দরিদ্র। তাদের বই বিক্রি হতো না। আমি হুমায়ূনকে জিজ্ঞেস করেছিলাম, তোমার এ ব্যাপারে কী বক্তব্য। হুমায়ূন বলেছে, সমরেশ দা, যে ছেলে বা মেয়ে ষোলো বছর বয়সে হুমায়ূন পড়া ধরে না তাকে আমি বাঙালি বলে মনে করি না। আর যে ২৪ বছরের পরও হুমায়ূন পড়ে সে মানুষ না। ২৪-এর পর একটা অ্যাডাল্ট লোক যার বোধবুদ্ধি আছে সে হুমায়ূন পড়বে কেন? যেখানে কোনোরকম ডেপথ নেই, কোনো রকম গভীরতা নেই একমাত্র হিমু চরিত্র ছাড়া। সে নিজে বলেছে আমাকে। আমি এটা লিখেওছি অনেক জায়গায়। ও নিজেকে জানত খুব ভালোভাবে।

দেশ রূপান্তর : আপনি সম্প্রতি বললেন, বাংলা সাহিত্যের রাজধানী ঢাকায় চলে এসেছে। এর তাৎপর্য কী? সাহিত্যের নিজস্ব একটা ধারা আছে এখানে, কিন্তু সেই অর্থে স্থায়ী পাঠক কম বা বই প্রকাশের সংস্কৃতি তত জোরালো নয়। 

সমরেশ : বাংলাভাষায় সমরেশ মজুমদার নামে একজন লেখক আছেন। তিনি যে গল্প উপন্যাস লিখছেন সেগুলো বিক্রি হয়। কিন্তু পাঠকের ইচ্ছা আরও সমরেশ মজুমদার হোক। আমি যত বই লিখেছি তার থেকে বেশি বই এখানে চলে। আমার নামে বই লিখে এখানে চালানো হয়। পাঠকরা বাংলা পড়তে পারে, পড়তে চায়, পড়ার আকাক্সক্ষা আছে। সেটাকে এক্সপ্লোয়েট করছে কিছু খারাপ ব্যবসায়ী। পাঠক নেই, এটা বলছেন কেন? এখানে পাঠক রয়েছে। প্রচন্ড পাঠক আছে। হুমায়ূনের বই বিক্রি হচ্ছে। মৃত্যুর পর সুনীলের বই বিক্রি একদম কমে গেছে। কিন্তু মৃত্যুর ছয় বছর পর হুমায়ূনের বই বিক্রি হচ্ছে। একজন প্রকাশক আমাকে বলেছেন হয়তো ১০% বিক্রি কমেছে। পশ্চিমবাংলার বইমেলাতে ২১ থেকে ২২ কোটি টাকার বই বিক্রি হয়, এগুলো কি ভ‚তে কেনে? অথচ বলা হয় পশ্চিমবাংলায় পাঠক নেই। আপনাদের এখানে বলা হয়, পাঠক কমে গেছে। কিন্তু একুশের মেলা থেকে বাংলাবাজারের পাবলিশাররা ৫০% আয় করেন। নভেম্বর মাসে এখানে একটা আন্তর্জাতিক বইমেলা হবে। দুটো বইমেলা করার দরকার কী যদি বিক্রি না হবে? 

দেশ রূপান্তর : আপনি অনেক লিখেছেন। এখন একেবারে পরিণত বয়স আপনার। লেখা নিয়ে আপনার ভাবনা কী?

সমরেশ : সকালে ঘুম থেকে উঠি ধরেন সাড়ে ছ’টায়।  ব্রাশট্রাশ করার পর এক কাপ চা হাতে সূর্য ওঠা দেখতে খুব মজা লাগে। খবরের কাগজ আসে। চার চারটে কাগজ। সেটা পড়তে আরম্ভ করি। পড়তে পড়তে নটা বাজে। তখন নাস্তা খাই। নাস্তা খাওয়ার পর ফোন করি, একে ওকে তাকে। ধরেন, দশটা বেজে গেল। দশটা সাড়ে দশটা বেজে গেলে আর তো লেখার টাইম নাই। আর কখন লিখব। এখন লিখতে ইচ্ছা করে না বলে যত রকমের বাহানা আছে নিজেকে দিই। আমি যখন তরুণ ছিলাম, তখন যে পাড়ায় আমি থাকতাম সে পাড়ায় একজন বিখ্যাত লেখক থাকতেন, তার নাম শিবরাম চক্রবর্তী। তিনি আমাদের ছোটবেলায় হাসির লেখক হিসেবে আমাদের বুকের মধ্যে ছিলেন। আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম, আপনি সকাল থেকে কী করেন। তিনি বললেন, ঘুম থেকে উঠি। তারপর? তারপর চা খাই। তারপর? বিনাপয়সার কাগজ পড়ি। বিনাপয়সার মানে? আমাকে আনন্দবাজার পত্রিকা বিনাপয়সায় কাগজ পাঠায়, ওটা পড়ি। পড়তে পড়তে ঘুম পেয়ে যায়। আবার শুয়ে, ঘুমিয়ে পড়ি। আবার উঠি। তারপর? উঠে গোসল করতে যাই। ভাত খাই। ভাত খেলে ঘুম পায়। ঘুমায়ে পড়ি। বিকাল হয়, আমি সাজুগুজু করে বাস ধরে আমার প্রেমিকাদের সঙ্গে দেখা করতে যাই। প্রেমিকা? কেন, পড়োনি আমার লেখার মধ্যে? আটটা অব্দি তাদের সঙ্গে গল্প করে গল্প করে মন প্রফুল্ল হয়। তুমি দেখবে, মেয়েদের সঙ্গে গল্প করলে তোমার মন অনেক বড় হয়ে যাবে। তারপর ঘরে আসি। আবার ভাত খাই। ঘুমায়ে পড়ি। আমি তখন বললাম, আপনি লেখেন কখন? কেন, পরের দিন সকালে। পরের দিন সকালটা কবে আমি জানি না। আমি এখন সেই জায়গায়। লিখতে ইচ্ছা করে না।  সাধারণত আমি সকালে লিখি। এখন বাধ্যবাধকতার জন্যই লিখতে হয়। অল্প বয়সে অফুরন্ত প্রাণশক্তি ছিল, তখন যখন ইচ্ছা তখন লিখতাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত