বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পতনের আগে আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে এখন তারা লকডাউনের নামে জনগণের বিরুদ্ধে প্রতিশোধ নিতে নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ফ্যাসিস্টদের লকডাউন জনগণ ব্রেকডাউন করে দিয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত ময়মনসিংহের ধোবাউড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ধোবাউড়া উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন সড়কে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মোটরসাইকেল মিছিল ও পৃথক পাঁচটি পথসভায় তিনি এসব কথা বলেন। মোটরসাইকেল মিছিলটি ধোবাউড়ার ৩১ কিলোমিটার সীমান্ত সড়কসহ ৫৫ কিলোমিটার সড়ক প্রদক্ষিন করে । এরমধ্যে দক্ষিণ মাইজপাড়া ও ঘোষণাও ইউনিয়নের সীমান্ত ঘেঁষা গাছুয়াপাড়া, মুন্সিপাড়া,নয়াপাড়া, গলি ভাঙ্গা, ভূঁইয়া পাড়াসহ ধোবাউড়া সদরে পথসভা অনুষ্ঠিত হয়।
মোটরসাইকেল মিছিলটি ধোবাউড়া সদর, পোড়াকান্দুলিয়া, গামাড়িতলা, দক্ষিণ মাইজপাড়া, ঘোষণাও ইউনিয়নের বিভিন্ন সড়ক ও জনপদ প্রদক্ষিণকালে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় জনসাধারণ হাততালি ও স্লোগানের মাধ্যমে মিছিলকে স্বাগত জানান।
সীমান্তবর্তী এলাকার জনগণের প্রতি সীমান্ত দিয়ে যেকোনো অবৈধ অনুপ্রবেশ ও নৈরাজ্য রোধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন এধরনের ঘটনা ঘটেলে বিজিবি ও প্রশাসনসহ সর্বশক্তি দিয়ে সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস নেই।
বাঙালি, গারো, হাজংসহ জাতি ধর্ম নির্বিশেষে সকলের উপস্থিততে পথসভা সমূহে তিনি বলেন, সীমান্তে উসকানি, অস্থিতিশীলতা সৃষ্টি ও শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্রের বিষয়ে স্থানীয় জনসাধারণকে সজাগ ও সতর্ক থাকতে হবে। সীমান্তের নিরাপত্তা ও সুরক্ষায় বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, সীমান্তকে ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরে সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির কোনো অপচেষ্টা বরদাস্ত করা হবে না। সীমান্তে কোনো সন্দেহজনক তৎপরতা পরিলক্ষিত হলে অবিলম্বে বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে। তিনি বলেন, নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় নয়। তাদের বিরুদ্ধে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা নিতে হবে।
পথসভাগুলোতে এমরান সালেহ প্রিন্স বলেন, রক্ত, লাশ, আগুন, সন্ত্রাস, তাবেদারি ও ফ্যাসিবাদ আওয়ামী লীগের রাজনীতির অনুষঙ্গ। ক্ষমতায় থাকাকালে তারা জনগণের ওপর দমন-পীড়ন করেছে, ক্ষমতাচ্যুত হওয়ার পরও তারা নাশকতা সৃষ্টি করছে।তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে জনগণের জানমালের ক্ষতি কিংবা দেশকে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা বরদাস্ত করা হবে না। অপরাধীদের রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আইনের আওতায় আনতে হবে।
এমরান সালেহ প্রিন্স বলেন, বাংলাদেশ কোনো বিদেশি শক্তির ভূ-রাজনৈতিক দাবার গুটি নয়। প্রতিবেশীদের সঙ্গে আমরা বন্ধুত্ব চাই, তবে তা হতে হবে পারস্পরিক সম্মান, সমমর্যাদা ও সার্বভৌমত্বের ভিত্তিতে। এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ার সর্বত্র শান্তি-শৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য ও স্বাভাবিক জনজীবন অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এসব কর্মসূচিতে ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস , মাহবুবুল আলম বাবুল, আব্দুল ওয়াহেদ তালুকদার, হুমায়ুন কবির, জাকিরুল ইসলাম তালুকদার টোটন, গাজিউর রহমান, আব্দুল মোমেন শহীন, উপজেলা যুবদলের আবুল কাশেম ডলার, ফরহাদ আল রাজি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন, সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, তাতী দলের আহ্বায়ক ওসমান গনি, মৎস্যজীবী দলের সভাপতি মিজানুর রহমান মানিক, সাধারণ সম্পাদক শামিম হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী আজকের মটরসাইকেল মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন।