ফেনীতে নির্বাচন ও ভূমি অফিসে পেট্রোল বোমা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০১:২২ পিএম

ফেনীতে এক রাতেই একাধিক স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। জেলা নির্বাচন কার্যালয় ও ইউনিয়ন ভূমি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ, মাদ্রাসা ও দুটি মালবোঝাই ট্রাকে আগুন এবং শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বিভিন্ন প্রতিষ্ঠানের ভবন, মালামাল ও গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে এসব ঘটনা ঘটায় জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও তদন্ত কার্যক্রম শুরু করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে ফেনী শহরের মিজান রোডে জেলা নির্বাচন কার্যালয়ের প্রধান ফটক লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মোটরসাইকেলে আসা মুখোশধারী দুই যুবককে কার্যালয়ের সামনে নেমে পেট্রোল বোমা ছুড়তে দেখা যায়। পরে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এতে কার্যালয়ের প্রধান ফটকের ভেতরে আগুন ধরে যায়।

একই সময়ে শহরের ট্রাংক রোড এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাত আড়াইটার দিকে শহরতলির মহিপাল ও রামপুর সড়ক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি মালবোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়। এতে ট্রাক দুটি ও সেগুলোর মালামাল পুড়ে যায়।

অন্যদিকে, রাত দেড়টার দিকে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তিকে ভবনের দেয়াল, মেঝে ও ভেতরে পেট্রোল ছিটিয়ে আগুন দিতে দেখা যায়। এ সময় আরেকজন ঘটনাটি ভিডিও ধারণ করেন। আগুনে অফিসের নথিপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা।

এর আগে রাত একটার পর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া উম্মুল মোমেনীন মহিলা আলিম মাদ্রাসায় আগুন দেওয়া হয়। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। এতে মাদ্রাসার একটি কাঁচা ঘর সম্পূর্ণ পুড়ে যায়। ওই ঘরে কয়েকটি শ্রেণির পাঠদান ও অফিসের কার্যক্রম পরিচালিত হতো।

একের পর এক নাশকতার ঘটনা প্রসঙ্গে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম বলেন, প্রতিটি ঘটনা তদন্ত করা হচ্ছে। বিভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের পাশাপাশি নাশকতায় উসকানি ও সহযোগিতাকারীদেরও ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ সর্বাধিক পঠিত