খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতের দাবি ড্যাবের

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০১:০৭ এএম

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার কাছে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানিয়েছেন ড্যাব বিএসএমএমইউ শাখার নেতারা।

বিএসএমএমইউ শাখা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. শেখ ফরহাদ স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রায় ২০ মাস ধরে কারান্তরীণ রয়েছেন একটি মিথ্যা মামলায়। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হাইপারটেনশন, রিউমাটায়েড, আথ্রাইটিস, দন্তরোগসহ অনেক রোগে ভুগছেন। ১ এপ্রিল থেকে তিনি বিএসএমএমইউর ৬২১ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যে তিনি দন্ত বিভাগে গিয়ে দাঁত ও মুখের ঘায়ের চিকিৎসা করিয়েছেন।

স্মারকলিপিতে আরও বলা হয়, বর্তমানে অন্যের সহযোগিতা ছাড়া তিনি চলতে পারেন না। এ অবস্থায় আপনার কাছে প্রত্যাশা ড্যাবের প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করবেন।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন বিএসএমএমইউ শাখার সভাপতি ডা. এরফান হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক ডা. শেখ ফরহাদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি ডা. শহিদুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ডা. রাহাত, সহ-সভাপতি ডা. শামীম. ডা. নাসের, ডা. রিদওয়ান, ডা. সায়েম, ডা. জাফর ইকবাল, ডা. আনোয়ার, ডা. শাহীন, ডা. এ কে আজাদ, ডা. অঞ্জন, ডা. কাজল, ডা. জুয়েল, ডা. লোহানী, ডা. এনামুল হক, ডা.  সোহেল, ডা. আনিসসহ ড্যাবের অন্যান্য নেতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত