রাজনৈতিক প্রতিদ্ব›দ্বী জো বাইডেনের বিরুদ্ধে দুর্নীতি তদন্তের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে চাপ প্রয়োগের কারণে অভিশংসনের ঝুঁকিতে পড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সরকারের প্রতি একই আহ্বান
জানিয়েছেন। গত বৃহস্পতিবার হোয়াইট হাউজে সংবাদিকদের সামনে চীনের প্রতি পরোক্ষভাবে এই আহ্বান জানান।
হোয়াইট হাউজ লনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘চীনের উচিত জো বাইডেনকে নিয়ে তদন্ত শুরু করা।’ ট্রাম্প বলেন, ‘দেখুন, আমার মনে হয় যদি তারা (চীন) এ বিষয় সৎ হয়ে থাকেন, তবে তারা বাইডেনের বিরুদ্ধে বিস্তৃত তদন্ত শুরু করবেন। এটা খুবই সহজ উত্তর।’
সম্প্রতি এক গোয়েন্দা কর্মকর্তা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপের তথ্য ফাঁস করেন। তবে ট্রাম্পের অভিযোগ, সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেমোক্রেটিক নেতা জো বাইডেন ও তার ছেলে হান্টার ইউক্রেইন ও চীনের সঙ্গে রাজনৈতিক ও ব্যবসাসংক্রান্ত চুক্তি করার সময় দুর্নীতির আশ্রয় নিয়েছেন।
ট্রাম্প বলেন, ‘তারা (চীন) বাইডেনের মতো লোকের সঙ্গে চুক্তি করে এবং ছেলেকে ১৫০ কোটি মার্কিন ডলার ধরিয়ে দেয়। হয়তো ওই কারণেই চীন অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের সুবিধামতো বাণিজ্য চুক্তি করতে পেরেছে। তারা আমাদের দেশের সঙ্গে প্রতারণা করছে।’
