মহেশখালীতে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দু’পক্ষের সংঘর্ষ

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১১:০৭ পিএম

কক্সবাজারের মহেশখালীতে মসজিদ কমিটি নিয়ে বিরোধিতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে মাতারবাড়ির সাইরার ডেইল এলাকার হানিবর মসজিদ নিয়ে স্থানীয় আ.লীগ নেতা নজরুল ইসলাম ও মসজিদ কমিটির বর্তমান সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক আহমদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশ এলে নজরুল ইসলামের সমর্থকদের সঙ্গে গুলিবিনিময় হয়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ চারজনকে আটক করলেও পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।

স্থানীয় ইউপি সদস্য হামেদ হোসাইন দেশ রূপান্তরকে বলেন, ‘রাত অনুমানিক সাড়ে ১১টার দিকে গুলির শব্দে ঘুম ভাঙে। বাইরে গিয়ে পুলিশ ও স্থানীয়দের ছোটাছুটি দেখতে পাই। পরে জানতে পারি হানিবর মসজিদ নিয়ে পুলিশের সঙ্গে নজরুল গ্রæপের সংঘর্ষ বাধে।’

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক আহমদ বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে মসজিদটি পরিচালনা করে আসছি। সাধারণ মানুষের কথা মাথায় রেখে নিজেদের জমি দান করেছি। হেফজখানাসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে মসজিদটির জৌলুশ বাড়িয়েছি। ঠিক তখনই তারা কমিটি ভেঙে দেওয়ার পাঁয়তারা করছে। নতুন কমিটি করে সবকিছু লুটপাট করার জন্য উঠেপড়ে লেগেছে। আমরা ঝগড়াবিবাদ চাই না। শান্তি চাই।’

মাতারবাড়ি ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি নজরুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘মসজিদে আমরা জায়গা দান করেছি। কমিটিতে আমাদেরও থাকা প্রয়োজন।’

মহেশখালী থানার ওসি প্রভাব চন্দ্র ধর জানান, সংঘর্ষের খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছিল। পরে বিরোধ মীমাংসা করে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত