ইরাকে বেকারত্ব-দুর্নীতি বিরোধী বিক্ষোভে নিহত বেড়ে ৬০

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ০৯:৫১ এএম

ইরাকে চার দিন ধরে বেকারত্ব ও দুর্নীতিবিরোধী বিক্ষোভে নিহত বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

এদিকে সেনাবাহিনী জানিয়েছে, ‘অজ্ঞাত স্নাইপাররা’ বাগদাদে দুই পুলিশ কর্মকর্তাসহ চারজনকে গুলি করে হত্যা করেছে।

এর আগে প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদি বিক্ষোভকারীদের ‘বৈধ দাবি-দাওয়া’ মেনে নেওয়ার কথা বলেছেন। তবে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

বেকারত্বের উচ্চ হার, সরকারি পরিষেবার শোচনীয় অবস্থা এবং অব্যাহত দুর্নীতির কারণে গত মঙ্গলবার দেশটিতে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

ক্ষমতা গ্রহণের এক বছরের মাথায় এই বিক্ষোভকে মাহদির ভঙ্গুর সরকারের জন্য প্রথমবারের মতো বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

সরকারের আহ্বান সত্ত্বেও দেশটির বড় শহরগুলোতে শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করে হাজার হাজার নাগরিক। রাজধানী বাগদাদসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে কারফিউ জারি এবং ইন্টারনেট সেবা বন্ধ করেও বিক্ষোভ ঠেকানো যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিবিসি জানায়, বিক্ষোভকারীরা বাগদাদের তাহরির স্কয়ারের দিকে যেতে চাইলে নিরাপত্তা বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে কয়েকজনের মাথা এবং পেটে গুলি লাগে।

হাসপাতাল এবং নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, কেবল শুক্রবারই ১০ জন নিহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত