প্রকৃতিপ্রেমী দুর্গা বধ করবে প্লাস্টিকের অসুরকে

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ০২:১৭ পিএম

প্রকৃতিপ্রেমী দুর্গা প্লাস্টিকের তৈরি অসুরকে বধ করবে। কলকাতায় এবারের দুর্গাপূজায় এমন এক মণ্ডপ দেখা গিয়েছে। ২০২২ সালের মধ্যে প্লাস্টিকমুক্ত ভারত গড়ার থিম নিয়ে এই মণ্ডপ গড়ে তোলা হয়েছে।

এনডিটিভি জানায়, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২২ সালের মধ্যে দেশকে প্লাস্টিক মুক্ত করার ডাক দিয়েছেন।

তার সেই আহ্বানকেই আরও বেশি করে মানুষের মধ্যে পৌঁছে দিতে এগিয়ে এসেছে নেরোল্যাক। এর জন্য বাঙালি হিন্দুদের সেরা উৎসবকেই বেছে নিল জাপানের রং প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির ভারত অফিস।

কলকাতার বিখ্যাত ম্যাডক্স স্কোয়ারের পূজার পাশেই হওয়া এই মণ্ডপে মা দুর্গা বধ করছেন প্লাস্টিকের অসুরকে। এই মণ্ডপের ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

জানা যায়, ম্যাডক্স স্কোয়ারের আশপাশের বাড়ির থেকে এবং প্রায় ১৫ হাজার স্কুলশিক্ষার্থীর কাছ থেকে সংগৃহীত প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে ওই প্লাস্টিক-অসুর।

শুধু অসুরই নয়, ম্যাডক্স স্কোয়ারের মাঠে বসার জন্যে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি প্লাস্টিকের বেঞ্চ। মোট ৩ টন প্লাস্টিক দিয়ে ওই অসুর ও বসার বেঞ্চগুলো বানানো হয়েছে।

অভিনব এই পূজার উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের সৌরভ গাঙ্গুলি বলেন, ‘এমন একটি উদ্যোগে শামিল হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। শহরে এমন উদ্যোগ আরও নেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।’

পাশাপাশি প্লাস্টিক দূরীকরণে রাজ্য সরকারের উদ্যোগকেও সাধুবাদ জানান এই সাবেক ক্রিকেটার। এমন ধরনের উদ্যোগে তিনি সবসময় পাশে আছেন বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত