ভোটের আগের রাতে নেতাকর্মীদের বাসায় তল্লাশির অভিযোগ রিটার

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ০২:২৮ পিএম

রংপুর সদর (৩ আসন) উপনির্বাচনে ভোটের মাঠ সমান নয় বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান।

তিনি অভিযোগ করেন, গতকাল রাতে সদর আসনের বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রশাসন। ভোটের বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে গেছে। ভোরবেলা আবার আমরা সেগুলো পাঠিয়েছি।’

এ বিষয়ে রাতে মোবাইলে ও সকালে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

শনিবার সকাল ১০টায় নগরীর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অভিযোগ করেন তিনি।

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা দেশের অন্যতম বৃহৎ একটি দল। আমরা বার বার অনুরোধ করেছিলাম যে ভোটের মাঠ সুষ্ঠু রাখেন নিরপেক্ষ আচরণ করেন। কিন্তু তারা পক্ষপাতিত্ব করছেন। ভোটের মাঠ সবার জন্য সমান করতে নির্বাচন কমিশন ব্যর্থ।

ভোটার উপস্থিতি নিয়ে তিনি বলেন, নির্বাচন ও ইভিএম নিয়ে মানুষ আশাহত তাই এই নির্বাচনে জনসম্পৃক্ততা নেই। মানুষ ভোটের পরিবেশ সুষ্ঠু না হওয়ায় ভোট দিতে আসছেন না। স্বাভাবিক পরিবেশ হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলেন বলেও দাবি করেন তিনি।

এ সময় রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত