নতুন টুরিস্ট ভিসা চালুর মধ্যে দিয়ে হোটেল ভাড়া নেওয়া সংক্রান্ত বিধি নিষেধ তুলে নিল সৌদি আরব। এখন থেকে দেশটিতে বিদেশি নারী পুরুষদের একসঙ্গে হোটেলে থাকতে গেলে তাদের সম্পর্ক প্রমাণ করতে হবে না।
রয়টার্স জানায়, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে কঠোর ইসলামি শরিয়ার দেশটি এমন পরিবর্তন আনল। সঙ্গীসহ যাতে নারীরা দেশটি ভ্রমণ করতে পারেন, সে জন্য হোটেল ভাড়া নেওয়ার বিধি নিষেধ তুলে নেওয়া হয়েছে।
বিদেশি পর্যটকেরা অবিবাহিত হলেও দেশটিতে একসঙ্গে হোটেল ভাড়া নিয়ে থাকতে পারবেন। এখন থেকে সৌদি নারীরাও চাইলে একা হোটেল ভাড়া নিতে পারবেন। এর আগে দেশটির কোনো নারী একা হোটেল ভাড়া নিতে পারতেন না।
শুক্রবার দেশটির সংবাদপত্র ওকাজে সৌদি কমিশন ফর ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ জানায়, হোটেল ভাড়া নিতে গেলে সৌদি নাগরিকদের আইডি কার্ড এবং সম্পর্কের প্রমাণ দিতে হবে। তবে বিদেশিদের ক্ষেত্রে সেটির প্রয়োজন নেই।
এ ছাড়া সৌদি নাগরিকসহ যে কোনো নারী আইডি কার্ড দেখিয়ে একা হোটেল ভাড়া নিতে পারবে।
প্রসঙ্গত গত সপ্তাহে ৪৯টি দেশের নাগরিকদের জন্য টুরিস্ট ভিসা চালু করেছে। এই তালিকায় বাংলাদেশের নাম নেই।
