সিলেটে নারী চিকিৎসককে ছুরিকাঘাতকারী ছিনতাইকারী আটক

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১১:১৩ পিএম

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিস চিকিৎসক আফসানা তাসনিম মমকে ছুরিকাঘাতকারী যুবক নাজিমুল ইসলাম ওরফে রাজুকে (২৩) আটক করেছে পুলিশ।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক রাজু চিহ্নিত ছিনতাইকারী। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, ডা. মম গত শুক্রবার রাতে তার এক বান্ধবীকে ট্রেনে তুলে দিতে সিলেট রেলওয়ে স্টেশনে যান। সেখান থেকে ফেরার পথে কিনব্রিজ এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীর ছুরিকাঘাতে ডা. মমের হাত ও মুখের কিছু অংশ কেটে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে খোজারখোলা এলাকা থেকে নাজিমুল ইসলাম ওরফে রাজুকে একটি ছুরিসহ আটক করে। আটক রাজু কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার পশ্চিমপাড়া কান্দলা গ্রামের মৃত মাতব্বর আলীর ছেলে। শনিবার তার বিরুদ্ধে দড়্গিণ সুরমা থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছেন আহত চিকিৎসক। 

ওসি আরও জানান, রাজু একজন চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত