দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর গরু ব্যবসায়ী মোশাররফ হোসেনের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৮টার দিকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাচগাঁও বাজারে মহিষখোলা নদীর গাড়ীঘাট (মরা ছড়া) এলাকায়।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোশারফ হোসেন কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের তেরতোপা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার ধাতিয়া বাজারে কাজ শেষে সন্ধ্যায় কাঠের ট্রলারযোগে বাড়ি ফিরছিলেন।
ট্রলারটি মহিষখোলা নদীর গাড়ীঘাট এলাকায় পৌঁছালে অপরদিক থেকে স্টিলবডির ট্রলারের সংঘর্ষ হয়।
এতে ট্রলারের আরোহীরা ছিটকে নদীর পানিতে পড়ে যায়। ট্রলারের সকল আরোহী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও মোশাররফ পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে রাতেই কলমাকান্দা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় নিখোঁজ মোশাররফকে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়।
সকাল ৮টার দিকে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় মোশাররফ ভাসমান মৃতদেহ উদ্ধার করে।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মাজহারুল করিম বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
