শুরু হচ্ছে ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব’

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ০৪:৫১ পিএম

অষ্টমবারের মতো বসতে যাচ্ছে ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০১৯’। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১১ অক্টোবর শুরু হবে ১০ দিনব্যাপী এই উৎসব।

গঙ্গা-যমুনা নাট্যোৎসব পর্ষদ জানিয়েছে, এদিন সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্যজন আসাদুজ্জামান নূর এম.পি. ও শ্রী মেঘনাদ ভট্টাচার্য। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে. এম. খালিদ এম.পি।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ইন্দিরা গান্ধি সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক ড. নিপা চৌধুরী, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন উৎসব পর্ষদের সদস্য সচিব আকতারুজ্জামান। এতে সভাপতিত্ব করবেন উৎসব পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছ। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আহকাম উল্লাহ।

১১-২০ অক্টোবর পর্যন্ত এ উৎসব চলবে। এতে ভারতের ৪টি, ঢাকা ও ঢাকার বাইরের ৩৬টি নাট্যদল মোট ৪০টি মঞ্চনাটক প্রদর্শন করবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল ও সংগীত আবৃত্তি ও নৃত্য মিলনায়তন, বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এসব নাটক মঞ্চস্থ হবে।

এ ছাড়া ১৫টি আবৃত্তি সংগঠন, ১৫টি সংগীত সংগঠন, ৭টি নৃত্য সংগঠন, ৩টি মূকাভিনয় সংগঠন, ১০টি শিশুদল এবং একক আবৃত্তি ও একক সংগীত পরিবেশনাও এ উৎসবে রয়েছে। সব মিলিয়ে আনুমানিক ৩০০০ শিল্পীর অংশগ্রহণের মধ্য দিয়ে এবারের উৎসব পালিত হবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ইন্ডিয়া-বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে।

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদ গত ৭ বছর ধরে ভারত-বাংলাদেশের নাট্য ও সাংস্কৃতিক সংগঠন নিয়ে গঙ্গা-যমুনা উৎসবের আয়োজন করে আসছে। দুই দেশের অভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতা বিনিময় এবং জনগণের মৈত্রীর বন্ধন দৃঢ়তার লক্ষ্যে এই আয়োজন করা হয়ে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত