গোপালগঞ্জের কোটালীপাড়ায় সৌরভ গাঙ্গুলী (১৫) নামে ১০ শ্রেণির এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ১০টার দিকে কোটালীপাড়া উপজেলার দেবগ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
সৌরভ গাঙ্গুলী কোটালীপাড়া উপজেলার মধ্য দেবগ্রামের বিমল গাঙ্গুলীর ছেলে। তিনি কোটালীপাড়ার দেবগ্রাম উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান জানান, সৌরভ গাঙ্গুলী উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সাথে ওই স্কুলের হোস্টেলে থেকে লেখাপড়া করতেন। রাতে ৮ জনের মধ্যে ৪ জন ওই হোস্টেলে অবস্থান করছিলেন। এরা সবাই মাদকাসক্ত ছিলেন।
রবিবার রাত ১০টার দিকে সৌরভ হোস্টেলের বাইরে যায়। সেখানকার শিক্ষার্থীরা জানিয়েছে- কয়েক মিনিটের জন্য সৌরভ হোস্টেলের বাইরে যায়। সেখানে কে বা কারা সৌরভের পেটে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে তিনি দৌড়ে হোস্টেলের কাছে এসে অজ্ঞান হয়ে পড়লে অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
সেখানে কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন। সৌরভের সাথে বাইরের কারো বা সেখানকার কোনো শিক্ষার্থীর সাথে ঝগড়া হয়েছে কিনা এবং তারা এ ঘটনা ঘটিয়েছে কিনা তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
