বগুড়ায় টেন্ডার ম্যানেজের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়েছেন আওয়ামী লীগ নেতা।
সোমবার দুপুরে বগুড়া শহরতলির সুলতানগঞ্জ হাট এলাকায় এই ঘটনা ঘটে।
গুরুতর আহত জিয়াউল আলম জুয়েলকে (৩৪) বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। এ ঘটনার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় সুলতানগঞ্জ হাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, শাজাহানপুর উপজেলায় অবস্থিত ইয়ন গ্রুপ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে মালামাল সরবরাহের ঠিকাদারি কাজ ম্যানেজ করেন জিয়াউল আলম জুয়েল ও শহরের ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভপতি কামরুল আলম হিরু। সেই টেন্ডার ম্যানেজের ১৫ হাজার টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।
সোমবার দুপুরের দিকে স্থানীয় একটি হোটেলে বসেছিলেন জিয়াউল আলম জুয়েল। সেখানে কামরুল আলম হিরুর সঙ্গে ওই ১৫ হাজার টাকা নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে হিরু রাম দা দিয়ে জুয়েলের মাথা ও পিঠসহ বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার পর পরই উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সুলতানগঞ্জ হাট এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পুলিশ।
শাজাহানপুর থানার কৈগাড়ি পুলিশ ফাঁড়ির টাউন উপ-পরিদর্শক (টি এসআই) ইলিয়াস আলী বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। সুলতানগঞ্জ হাটে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।
