‘হৃদরোগে’ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১০:০৩ পিএম

হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থবিজ্ঞান বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী কাজী মহিউদ্দিন মারা গেছেন।

গত রবিবার সন্ধ্যায় কুমিল্লা সদর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মহিউদ্দিনের বাড়ি কুমিল্লা নগরীর রেসকোর্সে। পরিবারে মা আর বোন ছাড়া কেউ নেই। টিউশনি করে সংসার চালাতেন।

স্বজনরা জানান, গত শনিবার বিকেলে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় মহিউদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করালেও তার রিপোর্ট দেওয়ার আগেই সে মারা যায়। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মহিউদ্দিন মারা গেছেন।

মহিউদ্দিনের সহপাঠী আখি আলম রকি বলেন, ‘শনিবার বিকেলে তার অসুস্থতার কথা শুনে আমাদের সিআর রেজাউল তাকে হাসপাতালে ভর্তি করে। রবিবার তার অবস্থার অবনতি হলে আমরা সবাই ছুটে যাই। কিন্তু তার সঙ্গে আমাদের আর কথা বলার সুযোগ হলো না।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘মহিউদ্দিন আমার বিভাগেরই শিক্ষার্থী। অসম্ভব মেধাবী একটা ছেলে। এত অনটনে চলত তবুও মুখ ফুটে কিছু বলত না। পূজার ছুটির পরে আমরা বিশ্ববিদ্যালয়ে এবং তার বাড়িতে মিলাদের আয়োজন করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত