অমিত সাহাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে: রিজভী

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১১:৪২ পিএম

আবরার ফাহাদ হত্যার সঙ্গে জড়িত দাবি করে বুয়েট শাখা ছাত্রলীগ নেতা অমিত সাহাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘যার রুমে আবরারকে নির্যাতন করে হত্যা করা হয় সেই অমিত সাহার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এজাহারে তার নাম নেই, তাকে বহিষ্কারও করেনি ছাত্রলীগ।’

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। এ সময় হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তিনি।

রিজভী বলেন, শেরেবাংলা হলের ২০১১ নম্বর রুম তথা টর্চার সেলটি অমিত সাহার। তাকে বাঁচাতে বুয়েট প্রশাসন ও বিতর্কিত পুলিশ কর্মকর্তা ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলব, জাতীয় স্বার্থবিরোধী চুক্তির প্রতিবাদ করতে গিয়ে লাশ হতে হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদকে। এখন চুক্তি বাতিল করে প্রমাণ দিন আপনি আবরারের পক্ষে, ভারতের আবদারের পক্ষে নন।’

তিনি বলেন, ফাহাদের হত্যাকাণ্ডের পর যখন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবাদ করছেন ছাত্রসমাজ তখন সরকার ছাত্রদের নিরস্ত করার জন্য নানা ছলচাতুরীর আশ্রয় নিচ্ছে। সরকারপ্রধান থেকে শুরু করে সরকারের মন্ত্রীরা নানারকম বক্তব্য দিচ্ছেন।

রিজভী বলেন, আবরারের স্ট্যাটাসের পেছনে কারণই ছিল দেশবিরোধী চুক্তির বিরোধিতা ও সত্য ইতিহাস তুলে ধরা। আর দেশবিরোধী চুক্তিটি করেছে বর্তমান সরকার জনগণের সঙ্গে দিনদুপুরে প্রতারণা করে। সুতরাং আবরার খুনের দায় সরকারও এড়াতে পারে না। দেশবিরোধী চুক্তি বাতিল ছাড়া আবরারের আত্মা শািন্ত পাবে না।

‘একটা ভুল ধারণা তৈরি হচ্ছে যে, বাংলাদেশ ভারতকে গ্যাস দিয়ে দিচ্ছে। কিন্তু বিষয়টি হচ্ছে বিদেশ থেকে আমদানি করা গ্যাস প্রক্রিয়াজাতকরণ শেষে তা ভারতে রপ্তানি হবে’– পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের এমন বক্তব্যকে হাস্যকর যুক্তি হিসেবে উল্লেখ করেন রিজভী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত