সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ফরিদা ইয়াসমিনের অসদাচরণ ও দুর্ব্যবহারের প্রতিবাদে মানবন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে হাসপাতালের সকল ডাক্তার ও কর্মচারীরা সম্মিলিতভাবে এই মানববন্ধনের আয়োজন করে।
বক্তারা বলেন, কোনো যৌক্তিক কারণ ছাড়াই ডা. ফরিদা ইয়াসমিন সকল ডাক্তার ও কর্মচারীদের সঙ্গে প্রায়ই অসদাচরণ ও চরম দুর্ব্যবহার করেন। এ ঘটনায় ইতিমধ্যে তিনজন ডাক্তার হাসপাতাল থেকে স্বেচ্ছায় বদলি নিয়ে অন্যত্র চলে গেছেন। এছাড়া আরও কয়েকজন বদলির আবেদন করেছেন। এ অবস্থায় হাসপাতালটির চিকিৎসাসেবা বিঘিœত হচ্ছে। তাই আমরা রাজপথে নেমে আন্দোলন করতে বাধ্য হয়েছি।
সিরাজগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘আমি ইতিমধ্যে বিষয়টি জেনেছি। শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে ’
ডা. ফরিদা ইয়াসমিন জানান, তিনি কখনোই কারও সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার করেন না। এ বিষয়ে কেউ কোনো প্রমাণও দিতে পারবেন না। তারপরও কেন তারা মানববন্ধন করল তা খতিয়ে দেখা হবে। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শিমুল তালুকদার, ডা. আব্দুর রাজ্জাক, ডা. মিজানুর রহমান, সার্জারি কনসালট্যান্ট ডা. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
