‘রিজার্ভ আর্মি’ তৈরির জন্য গণরুমের সৃষ্টি

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১২:৪৫ এএম

রিজার্ভ আর্মি তৈরির জন্য বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গণরুম সৃষ্টি করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক আনু মুহাম্মদ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘কৃত্রিমভাবে হল দখল করে গণরুম সৃষ্টি করা হয়েছে ভয়ের পরিবেশ তৈরি করার জন্য, গণতন্ত্র হরণ করার জন্য এবং বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি এবং আধিপত্য সৃষ্টি করার জন্য। হলের রুম থাকা সত্ত্বেও তা দখল করে নতুন শিক্ষার্থীদের ঠেলে দেওয়া হচ্ছে গণরুমে। তাদের ভয়ভীতি দেখিয়ে যেকোনো ধরনের মিছিল-মিটিংয়ে নেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছেÑ ফলে ঘটছে আবরারের মতো ঘটনা।’  তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে যারা প্রথম বর্ষে, দ্বিতীয় বর্ষে গণরুমের নির্যাতনের শিকার হচ্ছে তারাই পরবর্তী সময়ে নির্যাতনকারী হয়ে উঠছে, এটি একটি নির্যাতনের দুষ্টচক্র। এই অবস্থা যদি অব্যাহত থাকে, তাহলে নতুন হল নির্মাণ করলেও তো আবাসিক সমস্যার সমাধান হবে না।’

জাবির চলমান প্রকল্পের বিষয়টি উল্লেখ করে অর্থনীতির এই শিক্ষক বলেন, ‘সরকার সম্প্রতি জাবির অবকাঠামোগত উন্নয়নের জন্য ১ হাজার ৪৪৪ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ করেছে। আমরা সরকারের এই উন্নয়ন প্রকল্পকে স্বাগত জানাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা এই প্রকল্প সম্পর্কে তেমন কিছুই জানি না। বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ তেমন কিছু জানাচ্ছে না আর পাশাপাশি চলছে দুর্নীতির মহাযজ্ঞ, লোক দেখানো টেন্ডারের নামে প্রশাসনের কর্মকর্তারাই পাচ্ছে সব কাজ। আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলোতে একটি মৌলিক পরিবর্তন।’

সংবাদ সম্মেলনে সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, ‘উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের আমলে যৌন নিপীড়নের যত অভিযোগ উঠেছে তিনি তাদের প্রশ্রয় দিয়েছেন। তা ছাড়া মিডিয়ায় তার বক্তব্য এবং তার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ তাতে তিনি নৈতিকভাবে স্খলিত আমরা তার অপসারণ চাই।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের আহ্বায়ক দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন, অধ্যাপক কামরুল হাসান, পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক খবির উদ্দিন, জাবি সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান প্রমুখ।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত