গাজীপুরে ট্রাকচাপায় নিহত হয়েছেন তিন পথচারী। আহত হয়েছেন আরও একজন। হতাহত ব্যক্তিরা রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে চালক ও ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৫৩৭৮) আটক করেছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন শেরপুরের নকলা থানার বাছুর আলগা গ্রামের মজিবর রহমান কালনের ছেলে জাহাঙ্গীর (২৫), একই গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে সাইফুল (২৪) ও ময়মনসিংহের গৌরিপুর থানার দৌলতপুর এলাকার আহম্মদ আলী ছেলে বাদশা মিয়া (১৯)। আহত নারীর পরিচয় পাওয়া যায়নি।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর হোসেন।
তিনি জানান, ঢাকাগামী ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এ সময় সড়কের পাশে অপেক্ষমাণ যাত্রীদের ওপর ট্রাকটি উল্টে পড়লে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।
দুর্ঘটনার পর ট্রাকচালক বাদশাকে (৩৮) আটক করা হয়েছে। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার ধানগড়া ইউনিয়নের আবুদিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
