হংকং বিক্ষোভ-সংশ্লিষ্ট একটি মোবাইল গেম প্লে স্টোর থেকে সরিয়ে নিয়েছে গুগল। গেমটিকে হংকং বিক্ষোভে ভূমিকা রাখতে দেখা যায়।
বিবিসি জানায়, সংঘাত ও সহিংসতা নিয়ে গুগলের নীতি লঙ্ঘন করায় রেভল্যুশন অব আওয়ার টাইমস নামে গেমটি মুছে দিয়েছে টেক জায়ান্টটি।
চয়েজ বেইজড গেমটিতে হংকং বিক্ষোভে অংশ নিতে পারে এর চরিত্রগুলো। সত্যিকারের বিক্ষোভকারীদের মতো সেখানে প্রতিরক্ষামূলক গিয়ার এবং অস্ত্র কিনতে পাওয়া যায়। চরিত্রগুলো গ্রেপ্তার করা যায়, এমনকি তাদের চীনেও প্রত্যর্পণ করা যায়।
হংকংয়ের বিক্ষোভে বেশ কয়েকটি গেমিং কোম্পানি জড়িয়ে পড়েছে। এতে চীনা গেমারদের কড়া সমালোচনার মুখে পড়ে তারা।
তবে বাক্স্বাধীনতার যুক্ততে চীনা গেমারদের এসব আপত্তিও নাকচ করে দেয় কোম্পানিগুলো।
চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে চার মাসের বেশি সময় ধরে সরকারবিরোধী বিক্ষোভ চালাচ্ছে গণতন্ত্রন্থি ও স্বাধীনতাকামীরা।
গত ফেব্রুয়ারিতে হংকংয়ে আসামি প্রত্যর্পণ বিল উত্থাপন নিয়ে এই বিক্ষোভের সূত্রপাত। হংকংয়ের জনগণের দাবি, বিলটি পাস হলে হংকংয়ের স্বায়ত্তশাসন খর্ব হবে।
পরে এই বিল বাতিলের সিদ্ধান্ত হলেও বিক্ষোভটি ক্রমে সহিংস হয়ে ওঠে। যেখান থেকে এখন গণতন্ত্রের দাবি উঠেছে। অনেকে হংকংয়ের স্বাধীনতার ডাকও দিচ্ছেন।
