চোটের কারণে দলে ছিলেন না গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় কিলিয়ান এমবাপে ও পল পগবা। তাদেরকে ছাড়া আইসল্যান্ডের মাঠে খেলতে যেয়ে রীতিমত খাবি খাচ্ছিল ফ্রান্স। শেষ পর্যন্ত অলিভিয়ে জিরুদের সফল পেনাল্টি শটে কোনোমতে প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
রিকজাভিকে শুক্রবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ‘এইচ’ গ্রুপের ম্যাচটিতে আইসল্যান্ডকে ১-০ গোলে হারায় ফ্রান্স। স্পটকিক থেকে একমাত্র গোলটি করেন স্ট্রাইকার জিরুদ।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও গোলের তেমন সুযোগ তৈরি করতে পারছিল না ফ্রান্স। গোলশূন্য সমতাতেই এগিয়ে যাচ্ছিল ম্যাচ।
৬৬তম মিনিটে বহুল কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ফ্রান্স। ডি-বক্সে দলটির স্ট্রাইকার অঁতোয়ান গ্রিজমান ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সহজ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি জিরুদ।
এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয়স্থানে আছে ফ্রান্স।
একই রাতে আলবেনিয়াকে ১-০ গোলে হারানো তুরস্ক আছে শীর্ষে। দলটির পয়েন্ট ১৮ হলেও গোল ব্যবধানে এগিয়ে ফ্রান্স থেকে।