সরকারের অর্জিত উন্নয়ন কর্মকাণ্ড যেন উইপোকা খেয়ে না পেলে সে জন্য দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানালেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, “দুঃসময়ে আওয়ামী লীগের পাশে কেউ ছিল না। আর এখন আওয়ামী লীগের নৌকায় উঠতে চায়। পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে আমাদের দলে অনেক অনুপ্রবেশে ঘটেছে। এখন সবাই আওয়ামী লীগ হতে চায়। সবাইকে আওয়ামী লীগের নৌকায় তোলার প্রয়োজন নেই। যে সমস্ত অনুপ্রবেশকারী ইতিমধ্যেই ঢুকেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে দলের হাইকমান্ড।”
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই সব কথা বলেন।
এ সময় দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে, তাই মাদক নির্মূলে দলের সবাইকে কাজ করতে হবে। দলের কারণে আমরা রাষ্ট্রক্ষমতায়। দল আমাদের রাষ্ট্রক্ষমতায় নিয়ে গেছে। কিছু মানুষের কারণে আমাদের দলের দুর্নাম হতে পারে না।”
ড. হাছান মাহমুদ বলেন, “এক সময় যারা আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করত, তারা নানাভাবে পদ-পদবি পেয়েছে। এ আবর্জনা সম্মেলনের আগেই পরিষ্কার করতে হবে। পরীক্ষিত নেতা-কর্মীরাই পদ-পদবির দাবিদার। এ জন্য ত্যাগী, মেধাবী ও পরিশ্রমী নেতা-কর্মীদের মূল্যায়ন করবে আওয়ামী লীগ।”
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে কক্সবাজার শহরের হিল টাউন সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান। মতবিনিময় সভায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রধানেরা উপস্থিত ছিলেন।
