সাড়ে ৩ হাজার স্কুল জাতীয়করণ দাবিতে শিক্ষক সমাবেশ

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১২:১৫ এএম

প্রতিশ্রুতির পরও সাড়ে তিন হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ না করায় প্রায় ১৫ হাজার শিক্ষক পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ করেছেন শিক্ষক নেতারা। তারা বলেছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে দীর্ঘদিন ওইসব বিদ্যালয়ের আবেদন আটকে আছে।

শনিবার দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশন অডিটরিয়ামে জাতীয়করণ দাবিতে বেসরকারি শিক্ষকদের সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

তারা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ লাখ রোহিঙ্গার দায়িত্ব নিতে পারেন। তবে কেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার শিক্ষকের খাওয়া-পরার দায়িত্ব নেবেন না?’

শেখ রাজু আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংগঠনের প্রধান উপদেষ্টা মো. নাজমুল হাসান সুমন, শিক্ষক নেতা মোনায়েম খান, এমদাদ হোসেন খান, দ্বীন ইসলাম বাদল প্রমুখ বক্তব্য রাখেন।

পরে সমাবেশ থেকে প্রেস ক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম খানকে সংগঠনের ময়মনসিংহ বিভাগের প্রধান উপদেষ্টা নির্বাচিত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত