টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা নারী ও তার মেয়েকে গলা কেটে হত্যা

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০৩:০৭ এএম

টাঙ্গাইল পৌর শহরের ভাল্লুককান্দী এলাকায় সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী ও তার চার বছরের মেয়েকে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই এলাকার ব্যবসায়ী আলামিনের স্ত্রী লাকী বেগম (২২) ও তার মেয়ে আলিফা।

আলামিন জানান, শনিবার রাত ১২টার দিকে তিনি বাড়িতে গিয়ে দেখেন গেট খোলা। ঘরে উচ্চ শব্দে টেলিভিশন চলছে। ভেতরে ঢুকে মেয়েকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। এ সময় প্রতিবেশীরা এসে উঠানে রক্তাক্ত অবস্থায় লাকীকেও দেখতে পান। নৃশংস এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। টাঙ্গাইল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবদুর রাজ্জাক জানান, আলামিনের ভাল্লুককান্দী এলাকার আসাদ মার্কেটে মোবাইল ও ফোন-ফ্যাক্সের ব্যবসা আছে। প্রতিদিন তিনি মধ্যরাতে বাড়িতে ফিরতেন। দুর্বৃত্তরা আলামিনের স্ত্রী ও মেয়েকে হত্যার পর তার ঘরে লুটপাট চালিয়ে ৮ লাখ টাকা নিয়ে যায় বলেও জানান কাউন্সিলর।

টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশাররফ হোসেন জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় লাকীর বাবা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত