প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শরীয়তপুর শহরের পালং উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সুরভিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে বখাটে রিফাত শিকদার ও তার বন্ধুদের বিরুদ্ধে।
সোমবার দুপুরে পরীক্ষা শেষে ওই ছাত্রী বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
ছাত্রীর পরিবার ও স্থানীয়রা জানায়, বিলাশখান গ্রামের মৃত কবির শিকদারের ছেলে রিফাত দীর্ঘদিন সুরভিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় সোমবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৪-৫ সহযোগী নিয়ে রিফাত তার পথরোধ করে। একপর্যায়ে রিফাত ছোরা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে সুরভিকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।
সুরভির বড় বোন মিতু আক্তার জানান, প্রেম করতে রাজি না হওয়ায় আগেও রিফাত আমার বোনকে খুনের হুমকি দিয়েছিল। কিন্তু সে সত্যিই এ ঘটনা ঘটাবে আমরা ভাবতেও পারিনি। আমরা তার শাস্তি দাবি করছি।
পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম বলেন, ‘সুরভির সঙ্গে এ ঘটনায় আমরা ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। হামলাকারীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’
পালং মডেল থানার ওসি মো. আসলাম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
