বশেমুরবিপ্রবিতে সভাপতি-প্রভোস্টসহ ৭ জনের পদত্যাগ

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ০৮:৪১ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  (বশেমুরবিপ্রবি) চার বিভাগের সভাপতি এবং দুটি হলের প্রভোস্টসহ সাতজন পদত্যাগ করেছেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। তাদের পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান।

যে চারটি বিভাগ থেকে সভাপতি পদত্যাগ করেছেন- আইন বিভাগের মো. আবদুল কুদ্দুস মিয়া; ফুড অ্যান্ড এ্যাগ্রো প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. নাজমুল হক শাহীন; কৃষি বিভাগের ড. এম এ সাত্তার এবং প্রাণী সম্পদ বিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন বিভাগের মো. শফিকুজ্জামান।  

এদিন যে দুটি হল থেকে প্রভোস্ট পদত্যাগ করেছেন- 'শেখ রেহেনা' হলের প্রভোস্ট মো. মজনুর রশিদ, 'শেখ রাসেল' হলের প্রভোস্ট রবিউল ইসলাম এবং সহকারী প্রভোস্ট মুরাদ হোসেন।

এই ব্যাপারে ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. শাহজাহান জানান, সকলে  ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তা গ্রহণ করা হয়েছে। এতে প্রশাসনিক বা একাডেমিক কোন সমস্যা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করছি কোন ধরনের সমস্যা হবে।  খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার পরিবেশ ফিরে আসবে।

এদিন তিনটি হলে নতুন প্রভোস্ট নিযুক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শেখ রেহেনা হলের নব নিযুক্ত প্রভোস্ট  রোকনুজ্জামান, শেখ রাসেল হলের নব নিযুক্ত প্রভোস্ট ফায়েকুজ্জামান মিয়া, স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন মোসাদ্দেক হোসেন।

এর আগে সোমবার বশেমুরবিপ্রবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক  ড. আব্দুর রহমান খান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। উক্ত পদে মঙ্গলবার বিকেলে নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মশিউর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত