নোবেলজয়ী নতুন বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দারুণ বিপাকে পড়েছে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি। অভিজিৎকে নিজেদের ‘সমর্থক’ বলে প্রচার শুরু করেছে কংগ্রেস।
গত লোকসভা ভোটের আগে অভিজিৎ রাহুল গান্ধীর ‘ন্যায়’ প্রকল্প তৈরিতে সাহায্য করেছিলেন। রাহুল গতকালই এই অর্থনীতিবিদকে অভিনন্দন জানিয়ে সে কথা বলেছেন। অন্য নেতারা এই অর্থনীতিবিদকে নিজেদের নতুন ‘আইকন’ হিসেবে মেলে ধরছেন। আর তাকে সামনে রেখেই দিনভর দলের নেতারা বিঁধেছেন নরেন্দ্র মোদিকে।
বিজেপিকে আগে শুধু অমর্ত্য সেনকে সামলাতে হতো। এখন ভাবতে হচ্ছে এই অভিজিৎকে নিয়ে। নোবেল পাওয়ার কিছুদিন আগেও ভারতের অর্থনীতি ও প্রধানমন্ত্রীর দপ্তরের প্রভাব নিয়ে সমালোচনা করেছেন তিনি। এমনকি গতকালও তিনি বলেন, ‘ভারতীয় অর্থনীতির হাল খুব খারাপ। অর্থনীতির গতি দ্রুত হারে শ্লথ হচ্ছে। সরকারও সেটা বুঝছে।’
মোদি সরকার সম্পর্কে তার মনোভাব জানে বিজেপি নেতৃত্ব। সে কারণে অভিজিৎকে অভিনন্দন জানাতে ঘণ্টা চারেক বাড়তি সময়ও নিয়ে ফেলেন মোদি।
ওদিকে বিজেপির নেতারা অভিজিতের নোবেল নিয়ে খোঁচা দেওয়া শুরু করেছেন। বিজেপির সংগঠনের দায়িত্বে থাকা নেতা বি এল সন্তোষ বলেন, ‘মহারাষ্ট্র, হরিয়ানার ভোট সামনে। সকলেই পাঁচ দিনের জন্য খ্যাতি পেতে চাইছেন! মনমোহন সিংহ ১৯ অক্টোবর সাংবাদিক সম্মেলন করবেন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকার দিচ্ছেন। হঠাৎ করে প্রভাকরেরও উদয় হল!’
