পার্লামেন্টে বিব্রতকর পরিস্থিতির কারণে হংকংয়ের নেতা ক্যারি ল্যাম তার বার্ষিক পরিকল্পনা ঘোষণা করতে পারেননি। চীনে বন্দি প্রত্যর্পণ বিষয়ক সেই বিতর্কিত বিলটি এদিন আনুষ্ঠানিকভাবে বাতিল করার কথা ছিল তার।
বিবিসি জানিয়েছে, বিরোধীদের হট্টগোলের কারণে ল্যাম তার বক্তব্যই দিতে পারেননি। তিনি কথা বলতে দাঁড়ালেই শুরু হয় হইচই।
হংকংয়ে গত কয়েক মাস ধরে চলছে সরকারবিরোধী আন্দোলন। শহরটির রাজনৈতিক ব্যবস্থা পুরোপুরি গণতান্ত্রিক নয়। বিক্ষোভকারীদের বিরোধিতার পেছনে সেটা একটা কারণ। তারা গণতান্ত্রিক সংস্কারের আহ্বান জানান।
জুলাই থেকে শুরু হওয়া আন্দোলন ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর বুধবারই প্রথম অধিবেশন শুরু হয়।
হংকংয়ের প্রধান নির্বাহী ল্যাম তার বক্তব্য শুরু করতেই বিরোধী সাংসদরা ‘পাঁচ দাবি, একটাও কম নয়’ বলে স্লোগান দিতে থাকেন।
আন্দোলন শুরু হওয়ার পর তারা পাঁচ দফা দাবি নিয়ে রাস্তায় নামেন। এর মধ্যে একটি হচ্ছে সার্বজনীন ভোটাধিকার।
