প্রবাসী স্বামীর অর্ধকোটি টাকা আত্মসাৎ করে জেলে স্ত্রী

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০৬:৩৩ পিএম

প্রবাসী স্বামীর নগদ অর্ধকোটি টাকাসহ ১০ ভরি স্বর্ণালংকার ও এক লাখ টাকার গৃহসামগ্রী আত্মসাতের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। একইসঙ্গে প্রতারণা ও খুনের হুমকির অভিযোগ রয়েছে স্ত্রী উম্মে হান্না লিয়ার বিরুদ্ধে। এ সংক্রান্ত মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে প্রবাসীর স্ত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শিহাব উদ্দীনের আদালত এ আদেশ প্রদান করেন।

একই আদেশে আদালত লিয়া’র বাবা মো. জসিম উদ্দীন মাস্টারের জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বড়বালিয়াতলি ইউনিয়নের মৃত নুরুল ইসলামের সৌদি প্রবাসী ছেলে জাকির হোসেনের সাথে কলাপাড়া পৌর শহরের বাদুরতলী শান্তিবাগ এলাকার মো. জসিম উদ্দীন মাস্টারের একমাত্র মেয়ে উম্মে হান্না লিয়ার ২০১২ সালে পারিবারিকভাবে বিয়ে হয়।

এরপর স্ত্রীর পড়াশোনার জন্য স্বামী জাকির জেলা শহরে বাসা ভাড়া নিয়ে লিয়ার শিক্ষাজীবন সমাপ্ত (এমএ) করান।

প্রবাসী স্বামী জাকির হোসেন একাধিক তারিখ ও সময় প্রবাসী জীবনের কষ্টার্জিত অর্থে ১০ ভরি স্বর্ণালংকার এবং স্ত্রীর পড়াশোনা খরচ, গৃহসামগ্রী ক্রয়, জমি ক্রয়সহ বিভিন্ন প্রয়োজনে স্ত্রীর ব্যাংক হিসাবে ও নগদ ৫৩ লাখ ৪১ হাজার টাকা গচ্ছিত রাখেন।

বিদেশে থাকার কারণে তার স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি হতে শুরু করে। এক পর্যায় তা চরম আকার ধারণ করে।

আপস ফয়সালার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর স্ত্রী ও শ্বশুরের নামে প্রতারণা, আত্মসাৎ ও খুন জখমের হুমকির অভিযোগে আদালতে ২০১৯ সালের ৩০ জুলাই মামলা দায়ের করেন জাকির হোসেন।

আদালত মামলাটি আমলে নিয়ে স্ত্রী ও শ্বশুরের নামে সমন ইস্যু’র আদেশ প্রদান করেন। এরপর বুধবার স্ত্রী উম্মে হান্না লিয়া ও শ্বশুর জসিম উদ্দীন আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করার পর আদালত শুনানি শেষে স্ত্রী লিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন। 

এর আগে প্রবাসী জাকিরের স্ত্রী উম্মে হান্না লিয়া ৯ ডিসেম্বর ২০১৮ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আমলি আদালত, পটুয়াখালীতে বিদেশে অবস্থানরত স্বামী জাকির হোসেন’র নামে ৫ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে মামলা করেন।

এরপর প্রবাসী স্বামী দেশে এসে স্ত্রীর দায়েরকৃত যৌতুক মামলায় আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন নেন। পরবর্তীতে বাদী লিয়া তার স্বামীকে তালাক প্রদানের তথ্য গোপন করে স্বামীর সাথে আপস হয়ে সংসার করছেন মর্মে আদালত থেকে মামলা প্রত্যাহার করে নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত