সিরিয়ার উত্তরাঞ্চলে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের জানানো আহ্বান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে বিবিসি।
গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেছেন, “তারা বলছে ‘যুদ্ধবিরতি ঘোষণা কর’। তুরস্ক কখনই যুদ্ধবিরতি ঘোষণা করবে না। অভিযান বন্ধের জন্য আমাদের চাপ দিচ্ছে তারা। তারা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। আমাদের উদ্দেশ্য পরিষ্কার। কোনো নিষেধাজ্ঞায় আমরা উদ্বিগ্ন নই।”
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর তুরস্ক সফরের আগে এসব মন্তব্য করলেন এরদোয়ান। আজ বৃহস্পতিবার আঙ্কারায় পেন্স ও পম্পেওর সঙ্গে এরদোয়ান সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী স্থানগুলো থেকে কুর্দি যোদ্ধাদের হটাতে সেখানে অভিযান শুরু করেছে তুরস্ক। কুর্দিদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ওই অঞ্চল থেকে নিজেদের বাহিনী সরিয়ে নেওয়ার পরই অভিযানে নামে তুরস্কের সামরিক বাহিনী।
