রাজধানীতে নব্য জেএমবির ৩ সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ০১:০৮ পিএম

রাজধানীর গাবতলী এলাকা থেকে নব্য জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম বিভাগ। বুধবার রাত সাড়ে ৮টায় গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আব্দুল্লাহ (২৪), সফিকুল ইসলাম ওরফে মোল্লাজী (৩৮) ও মোস্তফা হোসেন আরিফ (২৫)।

কাউন্টার টেরোরিজম বিভাগ সূত্রে জানা যায়, উওরবঙ্গের একটি জেলা হতে বাসযোগে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন নব্য জেএমবি’র কয়েকজন সদস্য সরকার ও রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করার জন্য ঢাকায় আসছেন- এমন গোয়েন্দা তথ্য পেয়ে কাউন্টার টেরোরিজম বিভাগ বুধবার রাতে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

কাউন্টার টেরোরিজম বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা প্রত্যেকেই পুরাতন জেএমবি’র সদস্য ছিলেন। পরবর্তী সময়ে গুলশান হলি আর্টিজান মামলাসহ একাধিক মামলার আসামি সোহেল মাহফুজের মাধ্যমে তারা নব্য জেএমবির দীক্ষা লাভ করেন। তাদের মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপস ও প্রটেকটিভ টেক্সট ব্যবহার করে বিভিন্ন মাধ্যমে নব্য জেএমবি ও বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সদস্যদের সাথে যোগাযোগ রক্ষা করে আসছিলেন। গ্রেপ্তাররা ২০১৭ সালের শেষের দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন সদর হাসপাতালের পাশে মহানন্দা নদীর পাড়ে বাংলাদেশে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন নব্য জেএমবির এক সভায় মহসিন ও বাদরুলের মাধ্যমে উক্ত সংগঠনের সদস্যপদ গ্রহণ করেন বলে জানান। তারা উক্ত সভায় উপস্থিত সংগঠনের আরও কয়েকজনের নাম-ঠিকানা প্রকাশ করেছেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দারুস সালাম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত