বিশেষ প্রয়োজন ছাড়া শিল্পী সমিতিতে শিল্পীদের প্রবেশ নিষেধ

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ০৯:০৬ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এফডিসি এখন সরগরম। সম্প্রতি ঘটে গেছে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও।

অভিনেতা ড্যানিরাজ ও চিত্রনায়িকা মৌসুমীর আপত্তিকর ঘটনা, পাল্টাপাল্টি মিছিল, নানা অভিযোগ-সহ শিল্পী সমিতিতে বিরাজ করছে উত্তেজনা।

এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য শিল্পী সমিতিতে শিল্পীদের প্রবেশে নিষেধাজ্ঞা-সহ শিল্পীদের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন ঘোষণা দিয়েছেন বিশেষ প্রয়োজন ছাড়া কোনো শিল্পী চলচ্চিত্র শিল্পী সমিতিতে প্রবেশ করতে পারবেন না। ফলে শিল্পী সমিতিতে শিল্পীদের অবাধ প্রবেশ আগের মতো আর থাকছে না।

এ বিষয়ে ইলিয়াস কাঞ্চন দেশ রূপান্তরকে বলেন, ‘সম্প্রতি ড্যানিরাজের সঙ্গে মৌসুমীর অপ্রীতিকর একটা ঘটনা ঘটে গেছে। এর পরেই আমার মনে হয়েছে নির্বাচন উপলক্ষে কিছুটা কড়া পদক্ষেপ নেওয়া দরকার। এ জন্য নির্বাচনী নিয়ম অনুযায়ী প্রয়োজন ছাড়া কেউ যেন শিল্পী সমিতিতে ঢুকে অযথা আড্ডা না দেয়, শিল্পী সমিতিকে যেন নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা না হয়- সেই দিকগুলো নজরে রাখার চেষ্টা করব। নির্বাচনী দায়িত্ব সঠিকভাবে পালনের জন্যই এই কাজগুলো করতে হবে।’

এদিকে ইলিয়াস কাঞ্চন আরও জানিয়েছেন, ২৫ অক্টোবর নির্বাচনের দিন শিল্পী সমিতির ভোটার ব্যতীত সাধারণ শিল্পীরাও এফডিসিতে প্রবেশ করতে পারবে না। শুধু মাত্র প্রার্থী আর ভোটাররাই এফডিসিতে আসতে পারবেন।  

উল্লেখ্য, ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন। গত ৫ অক্টোবর প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হয়।

এবার মাত্র একটি পূর্ণাঙ্গ প্যানেল রয়েছে-মিশা জায়েদ প্যানেল। বাকিরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এবার সভাপতি পদে লড়াই করছেন চিত্রনায়িকা মৌসুমী ও খলনায়ক মিশা সওদাগর। সহসভাপতির দুটি পদে প্রার্থী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল, রুবেল ও নানা শাহ। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কোবরা। সহসাধারণ সম্পাদক পদে লড়ছেন আরমান ও সাংকো পাঞ্জা।

সাংগঠনিক সম্পাদক পদে অভিনেতা সুব্রত’র বিপরীতে কোনো প্রার্থী নেই। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়ছেন নূর মোহাম্মদ খালেদ আহমেদ ও চিত্রনায়ক ইমন। দপ্তর ও প্রচার সম্পাদক পদে একাই রয়েছেন জ্যাকি আলমগীর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে লড়বেন জাকির হোসেন ও ডন। কোষাধ্যক্ষ পদে অভিনেতা ফরহাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। অর্থাৎ সুব্রত জ্যাকি আলমগীর এবং ফরহাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে কার্যকরী পরিষদ সদস্যের ১১টি পদের জন্য প্রার্থী হয়েছেন ১৪ জন। তারা হলেন— অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, বাপ্পারাজ, রঞ্জিতা, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন, মারুফ আকিব ও শামীম খান (চিকন আলী)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত