বাংলাদেশ থেকে ‘ভিন্ন ধারণা’ নিয়ে ফিরছেন ফিফা বস

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১০:২৮ পিএম

১৫ ঘণ্টার সফরে বাংলাদেশের ফুটবল সম্পর্কে ‘অন্যরকম ধারণা’ পেয়েছেন বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

মঙ্গোলিয়া থেকে উড়াল দেওয়ার আগে সম্ভাব্য ঢাকা সফরের সফলতা নিয়ে যথেষ্ট প্রশ্ন ছিল পঞ্চাশ ছুঁই ছুঁই জিয়ান্নি ইনফান্তিনোর। সহকর্মীদের কাছ থেকে আগেই জেনেছিলেন এদেশের মানুষের ফুটবলের চেয়ে বেশি আগ্রহ ক্রিকেট নিয়ে। জানিয়েছেন সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে।

ভোরে ঢাকায় নামার পর সকালেই তিনি গণভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। সেখান থেকে একই গাড়িতে চড়ে বাফুফে ভবনের দিকে যাত্রা শুরু করেন। যানজটে পড়ে নির্ধারিত সময়ের বেশ খানিকক্ষণ পর বাফুফে ভবনে পৌঁছান ফিফা বস। বাফুফের কর্তাদের সঙ্গে খানিকক্ষণ সময় কাটানোর পর ভবনের পাশে ফিফার অর্থায়নে স্থাপিত কৃত্রিম টার্ফ ঘুরে দেখেন এবং খুদে ফুটবলারদের সঙ্গে কথা বলেন।

এরপর হোটেলে ফিরেই মুখোমুখি হন সংবাদ সম্মেলনে। যেখানে বাংলাদেশ নিয়ে তার অনুভূতিগুলো খুলে বলেন।

‘আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই এ কারণে যে আমি আসলে এতটা আশা করিনি। এখানে আসার আগে ভেবেছি আমি এমন একটি দেশে যাচ্ছি, যেখানে ফুটবল নিয়ে মানুষের তেমন উন্মাদনা নেই। কারণ অন্য একটি খেলা এদেশে খুব জনপ্রিয়। ভেবেছি সেই খেলাটিই এদেশের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু এখানে আসার পর আমার ভুল ভেঙে গেছে। আমার কাছে মনে হয়েছে এদেশের মানুষ কেবল ফুটবল খেলে না, ফুটবলেই বসবাস করে। আর নতুন ফিফার নতুন গানই হলো ফুটবলের সঙ্গে মিশে যাওয়া। যে ইতিবাচক ধারণা এখানে এসে পেলাম, তা আমার ধারণাই বদলে দিয়েছে। ফুটবল নিয়ে এ দেশের ১৭০ মিলিয়ন মানুষ গর্ব করতে পারে, কারণ তারা বিশ্বফুটবলে ধীরে ধীরে ভালো একটা পর্যায়ে যাচ্ছে। দুদিন আগে তারা ভারতের সঙ্গে জিততে জিততে ড্র করেছে। বাংলাদেশ প্রমাণ করেছে ফুটবলে যেকোনো কিছু হতে পারে, যা সামনে এগিয়ে যেতে সহায়তা করবে।’

মহিলা ফুটবলে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়ে ইনফান্তিনো বলেন, ‘গত দুই বছরে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভালো ফলাফল রয়েছে পুরুষ ও মহিলা ফুটবলে। বিশেষ করে মেয়েরা অনেক ভালো করছে। আমি মনে করি মেয়েদের ফুটবলে বিনিয়োগ বাড়ানো উচিত। কারণ এখানে অনেক সম্ভাবনা আছে।’

সংবাদ সম্মেলনে এ দেশে ক্রিকেটের জনপ্রিয়তা এবং ফুটবল আগ্রহে ভাটা পড়া বিষয়ক প্রশ্ন ছিল ইনফান্তিনোর কাছে। এই প্রশ্নকে যেন তুড়ি মেরে উড়িয়ে দিতে চাইলেন ফিফা সভাপতি, ‘আমি মনে করি না এদেশে ক্রিকেট ফুটবলের চেয়ে জনপ্রিয়। ফুটবল মানে বিশ্ব, ফুটবল হচ্ছে হৃৎস্পন্দন। হয়তো এটা ঠিক ক্রিকেটে কিছু সফলতা এখন এসেছে এদেশে। যেখানে ২১১টি দেশ ফুটবল খেলে, সেখানে আমি ঠিক জানি না কটি দেশ ক্রিকেট খেলে। যখন অল্প কটি দেশের মধ্যে খেলা হবে, তখন আপনার শীর্ষে চলে যাওয়াটা সহজ। কিন্তু যখন ২১১টি দেশ খেলে তখন প্রতিদ্বন্দ্বিতাও থাকে অনেক। আমি মনে করি প্রতিদ্বন্দ্বিতা না থাকলে উন্নতি সম্ভব নয়। এদেশে হয়তো ফুটবলের প্রতিদ্বন্দ্বী ক্রিকেট। এটাকে ইতিবাচক হিসেবে নিতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত