ময়মনসিংহে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১২:৩৪ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে গোয়েন্দা পুলিশ-ডিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক ডাকত দলের সদস্য বলে দাবি পুলিশের।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গফরগাঁও-রসুলপুর আঞ্চলিক সড়কে কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এতে নিহত যুবক হলেন গফরগাঁও উপজেলার রসুলপুর ছয়ানি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মোতালেব হোসেন (৪২)।

জেলা ডিবি পুলিশের ওসি শাহ কামাল বলেন, একদল ডাকাত গফরগাঁও-রসুলপুর সড়কে ‘ডাকাতির প্রস্তুতি নিচ্ছে’ খবর পেয়ে গোয়েন্দা পুলিশের দুটি দল রাতে সেখানে অভিযানে যায়।

তার ভাষ্য, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলিবর্ষণ শুরু করে। পুলিশও তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় মোতালেব গুলিবিদ্ধ হন। তবে তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

শাহ কামাল বলেন, গুলিবিদ্ধ মোতালেবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ অভিযানে আক্রাম হোসেন নামে পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

পুলিশ জানায়, মোতালেবের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত