হাতীবান্ধায় শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১১:১৬ পিএম

হাতীবান্ধায় মফিদুল ইসলাম নামে সরকারি এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নামে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল মজিদ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে গত ১০ অক্টোবর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। মফিদুল ইসলাম উপজেলার পশ্চিম সারডুবি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে শিশু শ্রেণির উপকরণসামগ্রী ক্রয়বাবদ ১০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ, সিøপের ৪০ হাজার টাকা উত্তোলন করে কোন খাতে ব্যয় করেছেন তার হিসাব নেই, বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে নিয়মনীতির তোয়াক্কা না করে তার খেয়াল খুশিমতো কাজ করাসহ আরও কিছু অভিযোগ করা হয়। এসব কারণে স্কুলের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হওয়ায় শিক্ষার গুণগতমান ব্যাহত হচ্ছে।

পশ্চিম সারডুবি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল মজিদ বলেন, মফিদুল নানা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। এসব কারণে তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মফিদুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগ তদন্ত করলেই সব সত্য বেরিয়ে আসবে। হাতীবান্ধা উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলায়মান মিয়া লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত