ছাত্রলীগ নিষিদ্ধের দাবি কমিউনিস্ট পার্টির

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০৫:৪০ পিএম

ভারতের সঙ্গে জাতীয় ‘স্বার্থবিরোধী অসম চুক্তি’ বাতিল ও ছাত্র রাজনীতিতে ছাত্রলীগের কর্মকাণ্ড নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

কমিউনিস্ট পার্টি নীলফামারী জেলা শাখার উদ্যোগে শনিবার সকাল ১১টার দিকে জেলা শহরের কালিবাড়ী মোড়ের অস্থায়ী দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে সমাবেশে মিলিত হয়।

জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শ্রীদাম দাস, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফ হোসাইন, জেলা কমিটির সদস্য ম. আ. শামিম, মাহবুব ইসলাম, প্রিন্স চাকলাদার, দেলোয়ার হোসেন জাভিসকো, উদাস রায়, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কমল সরকার প্রমুখ।

বক্তরা বলেন, ‘জনগণের ভোটাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নৈশকালীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ লুটপাটের মহোৎসব করছে। ক্ষমতায় পাকাপোক্ত করে বসতেই জাতীয় স্বার্থ বিকিয়ে ভারতের সঙ্গে অসম চুক্তি করেছে লুটেরা সরকার। তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে ব্যর্থ হয়েও ফেনী নদীর পানি ভারতকে দেওয়াসহ উপকূলে ভারতের ২০ রাডার বসাতে ভারতের সঙ্গে চুক্তি করেছে তারা।’

ক্ষমতাসীন আওয়ামী লীগকে দানব উল্লেখ করে বক্তারা বলেন, ‘ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ডের ভেতর দিয়ে সরকারি দলের ফ্যাসিবাদী আক্রমণের দানবী রূপ ফুটে উঠেছে।’

সরকারকে হুমকি দিয়ে কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ বলেন, ‘দ্রুত জাতীয় স্বার্থ বিরোধী অসম চুক্তি বাতিল, ক্যাসিনো, ক্রাইম সিন্ডিকেট ও লুটেরা চক্রের উচ্ছেদ এবং মেধাবী ছাত্র আবরার হত্যার বিচার করে ছাত্রলীগকে ছাত্র রাজনীতি থেকে নিষিদ্ধ করুন। নইলে দেশের জনগণ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুললে কোথাও পালানোর রাস্তা পাবেন না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত