শীত পড়ছে বাংলাদেশ থেকে হিমালয়ের সবচেয়ে নিকটবর্তী অবস্থিত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। শীত অনুভূত হচ্ছে শহর ও গ্রামে। গ্রামে একটু বেশি। দ্রুতই পাল্টে যাচ্ছে এ জেলার আবহাওয়া। এখানে এখন দিনে গরম ও রাতে শীত। সঙ্গে কুয়াশাও পড়ছে। মাঝে মধ্যে কুয়াশায় পুরো এলাকা ছেয়ে যাচ্ছে। সবুজ ঘাস ও গাছের পাতায় জমছে শিশিরের কণা।
প্রকৃতিতে এখন হেমন্তকাল। শীতের বার্তা নিয়ে আসার কথা ছিল হেমন্তের। কিন্তু পঞ্চগড়ে এখন দিনে হেমন্ত, রাতে শীত। আবহাওয়াবিদরা বলছেন, এটা প্রকৃতির বিরূপ প্রভাবের কারণে হচ্ছে। হেমন্তের শুরু থেকেই দিনের বেলায় শান্ত বাতাস বইছে সর্বত্র। গাছে গাছে ফুটছে শিউলি, বকুলসহ নানা ফুল। মাঠে মাঠে বেড়ে উঠছে সবুজ ধান। বিস্তীর্ণ মাঠজুড়ে যেন সবুজ রঙ ঢেলে দিয়েছে প্রকৃতি। প্রতিনিয়ত বইছে হিমেলে হাওয়া। সকালে পূর্ব আকাশ ফুঁড়ে উঠছে সূর্য। দিনে সর্বত্র গরম অনুভূত হচ্ছে।
সারা দিন কড়া রোদ থাকলেও সন্ধ্যার পর শান্ত হয়ে আসছে প্রকৃতি। রাতে বইছে ঠান্ডা হাওয়া। রাত বাড়ার সঙ্গে সঙ্গে গরম কমে যাচ্ছে। শরীরে লাগছে শীত। শেষ রাতে শীত অনুভূত হচ্ছে তীব্র। অনেকেই ঘরের ফ্যান বন্ধ রাখছেন। হালকা শীতের কাপড়ও গায়ে জড়িয়ে নিচ্ছেন কেউ কেউ। বিশেষ করে, শিশু ও বৃদ্ধদের শেষ রাতে ব্যবহার করতে হচ্ছে শীতের কাপড়। যারা শীতের কাপড় গুছিয়ে রেখেছিলেন তারাও এখন ব্যবহারের জন্য গরম কাপড় বের করছেন। রাতে শীতের সঙ্গে কুয়াশা পড়ছে।
সদর উপজেলার কায়েতপাড়া এলাকার মিনারা বেগম জানান, ‘রাতে কাঁথা নিতে হচ্ছে।’ গভীর শিশির পড়ছে। কুয়াশাও পড়ছে। আগাম শীতের কারণে লেপ-তোশক বানাতে ব্যস্ত হয়ে উঠেছেন এ অঞ্চলের মানুষ। লেপ-তোশকের দোকানে দিন দিন ভিড় বাড়ছে। শহরের শীতের কাপড়ের দোকানগুলোতেও ভিড় বাড়ছে।
গত কয়েক দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৯.৩। গত কয়েক দিনে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছিল। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গত বছরের ৮ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২দশমিক ছয় ডিগ্রি রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। যা ছিল দেশের ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু রাজশাহী ও রংপুর বিভাগ থেকে বিদায় নেয়ার পর এখন উত্তর দিক থেকে শীতল বায়ু প্রবাহিত হচ্ছে, ফলে শীত পড়তে শুরু করেছে। গত কয়েক দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রধান গোলাম কিবরিয়া মুকুল জানান, বাতাসের তাপমাত্রা দিন দিন কমে যাচ্ছে। তাপমাত্রা কমে যাওয়ার কারণে শীত নামছে। জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ায় প্রকৃতি বিরূপ হয়ে যাচ্ছে। এ কারণে অসময়ে শীত কিংবা গরম পড়ছে। শীত মৌসুম আসতে আরও দেরি। কিন্তু রাতে শীত অনুভূত হচ্ছে। সকালে পাতায় শিশির কণা দেখা যাচ্ছে।
