ভিন্নমতের পরিণতি আবরারের ঘটনায় জেনেছে বিশ্ববাসী : মওদুদ

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১২:৩২ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করে বলেছেন, বাংলাদেশে ভিন্নমত পোষণকারীদের পরিণতি কী হয়, সেটা বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার মাধ্যমে বিশ্ববাসী জানতে পেরেছে।

শনিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে বাংলাদেশ নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, সরকার নিজেদের ‘উন্নয়নের রোল মডেল’ বলে। আসলে জনগণ তাদের ‘বিনা ভোটের নির্বাচন করা, গণতন্ত্র হত্যা করা, দুর্নীতি ও বিচারব্যবস্থায় নগ্ন হস্তক্ষেপ করার রোল মডেল’ হিসেবে দেখতে পাচ্ছে। তাই এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে রাজপথে আন্দোলনের মাধ্যমে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং গণতন্ত্রকে মুক্ত করতে হবে। রাজপথে আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তার ভারত সফরে কিছু আনতে পারেননি। তারা শুধু ভারতকে দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আমি দেশের কোনো স্বার্থ বিক্রি করিনি। তাহলে ফেনী নদীর পানি যে আপনি দিয়ে এসেছেন তাতে দেশের স্বার্থ নষ্ট হয়নি?

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, নিতাই চন্দ্র রায়, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ডা. এ জেড এম জাহিদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত