বিমানবন্দরে চেকিংয়ের সময় ব্যাগের অতিরিক্ত ওজনের জন্য কোনো অর্থ খরচ না করতে ২.৫ কেজি ওজনের পোশাক পরে ভাইরাল হয়েছেন এক তরুণী।
ফিলিপাইনের বাসিন্দা গেল রদ্রিগেজ বিমানবন্দরে ঢোকার আগে জানতে পারেন সাড়ে আট কেজি ওজনের জিনিসপত্র রয়েছে তার ব্যাগে। বিমানবন্দর কর্মীরা তাকে জানান, সাধারণত বিমানের কোনও যাত্রী সাত কেজি মালপত্র খরচ ছাড়া নিতে পারেন। ওজন বেশি হলে বাড়তি অর্থ দিতে হয়।
নির্ধারিত ওজন অনুযায়ী রদ্রিগেজকে তাই প্রায় দেড় কেজি অতিরিক্ত জিনিসের জন্য দাম দিতে হত। কিন্তু তিনি রাজি নন।
কীভাবে এক পয়সা খরচ না করে সব জিনিসপত্র নিয়ে বিমানে চড়া যায়, সেই ভাবনাচিন্তা করতে থাকেন। কিছুক্ষণের মধ্যে একটি ফন্দি আঁটেন।
পরিকল্পনা অনুযায়ী, প্রায় আড়াই কেজি ওজনের পোশাক গায়ে চড়িয়ে নেন। ফলে ব্যাগের ওজন কমে দাঁড়ায় সাড়ে ছয় কেজি।
পরে সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত পোশাক পরা ছবি পোস্ট করেন ওই তরুণী। যা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। পোস্ট ভাইরাল হওয়ায় তরুণী বেজায় খুশি। মজার ছলে পরের পোস্টে লিখেছেন, ‘ছবিটি ফেসবুকে দেওয়ার আগে যদি বুঝতে পারতাম ভাইরাল হবে, তাহলে ভাল করে পোজ দিতাম।’
