চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটল ট্রেনের বগিভিত্তিক বিভিন্ন গ্রুপ-উপ গ্রুপের নামে চিকামারা, টি-শার্ট, প্ল্যাকার্ড, স্লোগান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুমতিক্রমে এই নির্দেশনা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনের বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধ থাকায় বগির নামে চিকামারা, টি-শার্ট, প্ল্যাকার্ড, স্লোগান সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ২০১৬ সালেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বগি ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। যারা ক্যাম্পাসে বগির নামে স্লোগান, চিকামারাসহ বিভিন্ন কর্মকাণ্ড করে তারা ছাত্রলীগের অন্তর্ভুক্ত নয়। যারা ইতিমধ্যে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চিকা মেরেছে তাদের বিরুদ্ধে প্রশাসনের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। আমরাও চাই পূর্বের সকল ধরনের অপরাজনীতি থেকে বেরিয়ে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ একটি রোল মডেল হবে।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের এই উদ্যোগকে স্বাগত জানাই। আমরা দায়িত্ব পাওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের সকলকেই বলে আসছি ক্যাম্পাসে কোনো বগি ভিত্তিক রাজনীতি চলবে না। হল কেন্দ্রিক রাজনীতি হবে। আর সে লক্ষ্যেই কাজও করছি আমরা।
এর আগে, ২০১৬ সালের ২২ জুলাই বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপর থেকে কমে আসে ট্রেনের সিট দখলকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও উপ-গ্রুপসমূহের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। শাটল ট্রেনকেন্দ্রিক ঝামেলার কিছুটা সমাধান হলেও ক্যাম্পাসে বগিভিত্তিক গ্রুপের আধিপত্য থেকে যায়। এর রেশ ধরে কিছুদিন পরপরই সংঘর্ষে জড়ায় শাটল ট্রেনের বগি ভিত্তিক গ্রুপ ও উপ-গ্রুপগুলো।
