সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের বগি ভিত্তিক গ্রুপ ও উপগ্রুপ নিষিদ্ধ এবং বগির নামে চিকা, টি-শার্ট, ব্যানার, পোস্টার লাগানো নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বগি ভিত্তিক গ্রুপ ও উপ গ্রুপগুলোর চলমান সংঘাত বন্ধে এ সিদ্ধান্ত নেয় সংগঠনটি। তবে এ সিদ্ধান্ত নেয়া হলেও বুধবার বিশ্ববিদ্যালয়জুড়ে বগিভিত্তিক সংগঠনগুলোর ব্যানার, পোস্টার, চিকা শোভা পেতে দেখা যায়। আসন্ন ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এসব বগিভিত্তিক সংগঠনগুলো অতীতের মতো আধিপত্য বিস্তারে মহড়া দেয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।
মঙ্গলবার চবির শাটল ট্রেনের বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি বগির নামে চিকামারা, টি-শার্ট, প্ল্যাকার্ড, স্লোগান নিষিদ্ধ করে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক আহসান হাবিব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুমতিক্রমে এই আদেশ জারি করা হলো। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর পরপরই বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা উপলক্ষে মিছিল-মিটিং, মানববন্ধন, চিকা, পোস্টার, ব্যানার সাঁটানো, প্ল্যাকার্ড প্রদর্শন, লিফলেট বিতরণ নিষিদ্ধ করা হয়। কিন্তু এই নিষেধাজ্ঞা কাগজে-কলমেই সীমাবদ্ধ। বিশ্ববিদ্যালয়জুড়ে দেখা গেছে সাঁটানো আছে বিশাল আকৃতির পোস্টার ব্যানার, দেয়ালে দেয়ালে আছে চিকাও।
এ বিষয়ে চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলব। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছা করলেই সব ধরনের চিকা ও বাগি ভিত্তিক গ্রুপগুলোর লোগো মুছে দিতে পারেন।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল টিপু বলেন, এগুলো যারা লাগিয়েছে তারা তো আর মুছবে না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইতিমধ্যে জানিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে উদ্যোগ নিবে। তবে এখন পর্যন্ত কোন উদ্যোগ চোখে পড়েনি। প্রশাসন যদি উদ্যোগ নিয়ে কাজটি করে, তবে বিশ্ববিদ্যালয়টি দেখতেও সুন্দর দেখা যাবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমেদ বলেন, এগুলো প্রক্টর দেখবেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) রেজাউল করিম বলেন, বর্তমানে কিছু করা সম্ভব হচ্ছে না। সামনে ভর্তি পরীক্ষা। তাই বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর ব্যস্ত সময় পার করছে। পরীক্ষার ঝামেলা শেষ হলে আমরা এগুলো মোছার ব্যবস্থা গ্রহণ করব।
উল্লেখ্য, চবিতে বর্তমানে ছাত্রলীগের আটটি বগিভিত্তিক গ্রুপ ও উপগ্রুপ রয়েছে। এদের মধ্যে সিক্সটি নাইন, সিএফসি, বিজয়, কনকর্ড, ভিএক্স, একাকার, উল্কা উল্লেখযোগ্য।
