পশ্চিমবঙ্গে এনআরসি আতঙ্কে কৃষকের আত্মহত্যা

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ০৭:০৮ পিএম

পশ্চিমবঙ্গে এনআরসি আতঙ্কে মৃত্যু থামছেই না। বিধানসভা নির্বাচনকে ঘিরে এনআরসি নিয়ে কেন্দ্রীয় সরকার বিজেপির হুমকি এই আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে রাজ্যটিতে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, পশ্চিমবঙ্গে এনআরসি আতঙ্কে আরও এক ব্যক্তি  আত্মহত্যা করেছেন। দেবারু মোহাম্মদ (৩৫) নামে এই ব্যক্তি পেশায় একজন নিম্নজীবী কৃষক।

তিনি জলপাইগুড়ি জেলার মাল মহকুমা রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতের উত্তর বারোঘরিয়ার বাসিন্দা।

জানা গিয়েছে, গত রবিবার এক প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে দেখা হলে তাকে দেবারু বলেন, তার ভোটার কার্ড এবং আধার কার্ড খুঁজে পাচ্ছেন না।

ওই কর্মকর্তা তাকে এই বিষয়ে সোমবার দেখা করার কথা বলেন। সোমবার ভোরে তিনি ওই কর্মকর্তার সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হন।

কিন্তু পরে স্থানীয় বাজার লাগোয়া নদীর ধারের একটি নিম গাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।

পরিবার জানায়, দেবারু সঙ্গে করে ভোটার কার্ড ও আধার কার্ড নিয়ে ঘর থেকে বের হয়েছিলেন। কিন্তু বাজার থেকে আর বাড়ি ফেরেননি তিনি। গত কয়েকদিন ধরেই এনআরসি আতঙ্কে ভুগছিলেন ওই কৃষক।

পশ্চিমবঙ্গে এনআরসি আতঙ্কে এখন পর্যন্ত ২০ জনের মতো ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। তার মধ্যে জলপাইগুড়িতেই আত্মহত্যা করেছেন অন্তত পাঁচজন।

মূলত আসামে এনআরসি থেকে ১৯ লাখ মানুষ বাদ পড়ার পর এই আতঙ্ক ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গের মানুষদের মধ্যে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত