বেতন গ্রেড বৈষম্য নিরসন দাবিতে শিক্ষকদের সমাবেশ

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১০:২৭ পিএম

বেতনের গ্রেড বৈষম্য নিরসনের দাবিতে খুলনায় বিভাগীয় সমাবেশ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। গতকাল বুধবার সকালে নগরীর শহীদ হাদিস পার্কে বাংলাদেশ সহকারী শিক্ষক মহাজোট এই কর্মসূচির আয়োজন করে। এতে সহস্রাধিক শিক্ষক অংশ নেন।

সমাবেশে শিক্ষকরা বলেন, নতুন বেতন কাঠামো অনুসারে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে তিন ধাপ গ্রেড বৈষম্য রয়েছে। বর্তমানে একজন প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষক ১১তম ও সহকারী শিক্ষক ১৪তম গ্রেডে বেতন পান। তাদের মূল বেতনের পার্থক্য প্রায় ১৩ হাজার টাকা। এতে করে শিক্ষকদের মধ্যে হতাশা বিরাজ করছে। বর্তমান শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সফলতা এলেও এসব শিক্ষকের মনে কষ্ট থেকে যাচ্ছে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. মুনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন খুলনা জেলা সভাপতি সৈয়দ আনিসুজ্জামান, সহ-সভাপতি আবু দাউদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত