ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই’র সভাপতির দায়িত্ব গ্রহণ করেই দেশটির ক্রিকেটকে নতুন মাত্রা দেওয়ার বার্তা দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ দিয়েই সভাপতি হিসেবে পথ চলা শুরু হবে ‘দাদা’র। এ নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে।
ভারতীয় সংবাদমাধ্যমে খবর, সৌরভ নিজে দিবা-রাত্রির টেস্টের পক্ষে। সে কারণে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে অন্তত একটি ম্যাচ দিবা-রাত্রি করার আগ্রহী তিনি।
গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলার চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য কোহলির হাতে। তাই এ বিষয়ে ভারতীয় দলের ওপর কোনোভাবেই মতামত চাপিয়ে দিতে নারাজ সৌরভ। সে ক্ষেত্রে কোহলির মতামত নিতে চাইছেন নতুন বিসিসিআই সভাপতি।
সিরিজের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১৪ নভেম্বর, ইন্দোরে। এরপর ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি।
সিরিজের দ্বিতীয় টেস্টে থাকতে পারে আরও চমক। ইডেন টেস্টে খেলা দেখতে মাঠে থাকতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানানো হতে পারে।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হওয়ার পর ইডেনে ঘরোয়া ক্রিকেটে পিংক বলে ম্যাচ আয়োজন করে চমক দিয়েছিলেন সৌরভ। এবার বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার পর ইডেনে বাংলাদেশের বিপক্ষে দিন রাতের টেস্ট আয়োজন করে চমক দিতে পারেন কি-না, সেটাই এখন দেখার বিষয়।
