নুসরাত হত্যায় পুলিশ সদস্যকে ছাড় দেওয়া হয়েছে: ফখরুল

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ০৭:২৮ পিএম

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার মামলায় আদালত যে রায় দিয়েছে তার প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, সরকার পুলিশের ওপর নির্ভরশীল। নুসরাত জাহান রাফি হত্যার বিচারের রায়ে পুলিশ সদস্যদের ছাড় দেওয়ায় এটাই প্রমাণ হয়েছে।

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নুসরাত হত্যার রায় নিয়ে সাংবাদিকদের তিনি এ অভিযোগ জানান।

মির্জা ফখরুল বলেন, এখানেই প্রমাণিত হচ্ছে যে, এ সরকার পুলিশের ওপর নির্ভরশীল। সে জন্য সরকার তাদের এসব কাজ থেকে ছাড় দিয়ে যাচ্ছে। মোটকথা এ সরকার তো নির্বাচিত সরকার নয়, তাদের কোনো ম্যান্ডেট নেই। তারা জোর করে ক্ষমতায় আছে। এ কারণে তারা এ ধরনের দুর্বৃত্তায়ন করছে।

তিনি বলেন, দেশে যখন সংবাদের ঘনঘটা ওই সময়টা আমি মিস করেছি। তবে আমি ট্র্যাকে ছিলাম, খোঁজ-খবর রেখেছি। অবজারভ করেছি। বুয়েটের আবরার ফাহাদ হত্যার যে ঘটনা- এটা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। এটা ক্ষমাহীন একটা অপরাধ। এ অপরাধের পেছনে আমি সম্পূর্ণভাবে সরকারকে দায়ী করব। ছাত্রলীগ বা যুবলীগ গত কয়েক বছর ধরে একেবারেই লাগামহীন হয়ে গেছে।

বিএনপি মহাসচিব বলেন, যে বিষয়টা নিয়ে আবরারকে হত্যা করা হয়েছে- এটা কোনো মতেই কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন সাধারণ নাগরিক যে, তার দেশের স্বার্থ সম্পর্কে একটা মত দিতে পারবেন না, এটা কখনো চিন্তা করা যায় না। আমরা মনে করি, ভারতে প্রধানমন্ত্রী গিয়েছিলেন এবং সেখানে তিনি যে চুক্তিগুলো করেছেন, যেসব এমওইউ সই করেছেন সেখানে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি।

তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি নিয়ে কথা বলতে গিয়ে একজন প্রাণ হারাবে এটা কখনোই গ্রহণযোগ্য নয়। আমি তো মনে করি যে, এ জন্যই সরকারের পদত্যাগ করা উচিত ছিল।

বিএনপি মহাসচিব বলেন, ভোলার ব্যাপারটা খুবই দুঃখজনক ঘটনা। আমি বলব যে, এ ধরনের ঘটনাগুলোকে আমার কেন যেন সন্দেহ হয়, নিশ্চয়ই কোনো না কোনো মহল থেকে এ ধরনের ঘটনাগুলোকে উসকানি দেওয়া হচ্ছে। যারা এ ধরনের লেখা লেখেন আমাদের রাসুল (সা.) সম্পর্কে, ধর্ম সম্পর্কে, সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেন এটা নিন্দনীয়। একই সঙ্গে পুলিশ যে গুলি করেছে সেটা আরও বেশি নিন্দনীয়। এ জন্য যে, আমরা দেখলাম ভোলায় কোনো রকমের ভায়োলেন্স ছিল না। শান্তিপূর্ণ সমাবেশের ওপর পুলিশ আক্রমণ করেছে, গোলাগুলি করেছে। এতে প্রমাণিত হয়- দেশে ভিন্নমত প্রকাশের কোনো স্বাধীনতা নেই। যেটা আমরা বারবার বলে আসছি।

৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে রাশেদ খান মেননের দেওয়া বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, মেনন ভাইকে ধন্যবাদ দিই এ কারণে যে, এত দিন পরে তিনি সত্য কথা বললেন। এরপর সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে মির্জা ফখরুল বিমানবন্দরে পৌঁছান।

৪ অক্টোবর মির্জা ফখরুল চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে তিনি অস্ট্রেলিয়ায় এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের (এপিডিইউ) সভায় অংশ নিয়ে দেশে ফেরেন। তিনি এ সংস্থার ভাইস চেয়ারম্যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত