বুড়িগঙ্গা তীরে চালু হচ্ছে নতুন সিনেপ্লেক্স

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ০৮:১৭ পিএম

হল বন্ধের মৌসুমে আরও একটি সুখবর শোনা গেল। সম্প্রতি ঢাকার ব্যস্ততম এলাকা মহাখালীতে স্টার সিনেপ্লেক্সের তৃতীয় শাখা উদ্বোধন হতে না হতেই আরেকটি সিনেপ্লেক্স চালুর খবর পাওয়া গেল।  এবার বুড়িগঙ্গা তীরে চালু হতে যাচ্ছে লায়ন সিনেমাস নামে নতুন আরেকটি মাল্টিপ্লেক্স।

পুরোনো ঢাকার ইসলামপুর এলাকায় একসময় লায়ন সিনেমাস নামে একটি প্রেক্ষাগৃহ ছিল। এটি বন্ধ হওয়ার বহু বছর পর একই মালিক কেরানীগঞ্জের মাল্টিপ্লেক্সটি নির্মাণ করেছেন। তবে এটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকছে জয় সিনেমাস নামের আরেকটি প্রতিষ্ঠান।

বুড়িগঙ্গার বাবু বাজার ব্রিজ সংলগ্ন কেরানীগঞ্জের নবনির্মিত লায়ন শপার্স ওয়ার্ল্ডের সপ্তম, অষ্টম ও নবম তলা মিলিয়ে এ মাল্টিপ্লেক্সটি নির্মিত হয়েছে। যেখানে মোট চারটি হল থাকছে। প্রতিটিতে আসনসংখ্যা থাকছে ২০০টি। সাধারণ স্ক্রিনের পাশাপাশি এখানে থ্রি-ডি সিনেমা দেখার ব্যবস্থাও থাকছে।

জানা যায়, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গত বছর মাল্টিপ্লেক্সটির কাজ শুরু হয়। এখন কাজ প্রায় শেষের দিকে। ১৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহটি চালু হতে পারে বলে জানিয়েছেন হল কর্তৃপক্ষ।

সম্প্রতি লায়ন সিনেমাসের কর্ণধার মির্জা আব্দুল খালেক এবং জয় সিনেমাসের ব্যবস্থাপনা পরিচালক আহাদ মোহাম্মদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। সেসময় আরও উপস্থিত ছিলেন জয় সিনেমাসের চেয়ারম্যান নাভিদুল হক ও পরিচালক মুশফিকুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত